জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ১৬ জানুয়ারি ডাকা আধা বেলা হরতালের সমর্থনে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রক্রিয়ার প্রতিবাদে গতকাল মানিকগঞ্জে বিক্ষোভ হয়েছে।১৬ জানুয়ারির আধা বেলা হরতালের সমর্থনে গতকাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা। পরে নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস।এদিকে গতকাল সকাল ১০টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে কমিটির জেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ইকবাল হোসেন, সিপিবির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।