জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে।’ গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর শহীদ জিয়া হলে আয়োজিত আলোচনা সভায় মুজাহিদুল ইসলাম সেলিম এ কথা বলেন। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আপনারা ১৬ জানুয়ারি সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত দোকানপাট ও কলকারখানা বন্ধ রেখে জানান দিন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আপনারাও ক্ষুব্ধ। সরকার জ্বালানি তেলের মূল্য বাড়ানো হবে না বলে প্রতিশ্রুতি দিলেও তারা তা ভঙ্গ করেছে।’অর্থমন্ত্রীকে উদ্দেশ করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘পাকিস্তান এবং এরশাদ সরকারের আমলে দেশের সেবা করলেও এখন কীভাবে দেশ চালাতে হবে, সেটা তাঁর জানা নাই। তাঁকে আমরা জানাতে চাই, বামধারার নেতারা আদর্শের রাজনীতি করেন।’ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আবদুস সোবহান মিঞার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শুভ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি অনিন্দ্য সাহা, সদস্যসচিব সমীর শরীফ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা রফিউর রাব্বি, ভবানী শঙ্কর রায় প্রমুখ।সিপিবির কেন্দ্রীয় নেতা হায়দার আকবর খান রনো বলেন, ‘আমাদের সমাজে চলছে চরম পুঁজিবাদ ও বৈষম্য। বিদেশ থেকে ১৪ শ কোটি টাকার রেমিট্যান্স আসলেও মাত্র ১৪ কোটি ডলারের জন্য আমাদের আইএমএফের কাছে মাথানত করতে হচ্ছে। তেলের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে।’ গণ-ঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘মুক্তিযুদ্ধের চিরস্থায়ী বিজয় তখনই আসবে, যখন যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।’ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা আসলেও এখন আমরা মার্কিন সাম্রাজ্যবাদীদের কাছে মাথানত করছি।’ আলোচনার পরে একটি শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।