জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সিপিবি ও গণসংহতির ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ানোতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও গণসংহতি আন্দোলন। দল দুটি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।এর প্রতিবাদে গণসংহতি আন্দোলন গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সিপিবি আজ শনিবার বেলা চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম গতকাল এক বিবৃতিতে বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতি নতুন সংকটে পড়বে। মানুষের প্রকৃত আয় কমে যাবে ও জীবনযন্ত্রণা বাড়বে।বিবৃতিতে জ্বালানি পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করে বিত্তবানদের ওপর বর্ধিত আয়কর আরোপের মাধ্যমে আর্থিক সংকট নিরসনের দাবি জানান সিপিবির নেতারা।গতকাল বেলা সাড়ে তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের সমাবেশে বক্তারা বলেছেন, সরকার জনগণের পকেট কেটে বহুজাতিক কোম্পানিকে ভর্তুকি দেওয়ার জন্য রাতের অন্ধকারে এক বছরে চারবারের মতো জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সরকারের জাতীয় স্বার্থবিরোধী এসব সিদ্ধান্তের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সমন্বয় পরিষদের সদস্য আবদুস সালাম, প্রতিবেশ আন্দোলনের আহ্বায়ক আবুল হাসান, কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য ফিরোজ আহমেদ প্রমুখ।