জ্বালানি তেলের সংকটে সিলেটের ১১৪ পাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ ও হরতালের কারণে জ্বালানি তেলের সংকটে পড়তে যাচ্ছে গোটা সিলেট বিভাগ। চাহিদার তুলনায় সরবরাহ না পেয়ে বিভাগের ১১৪টি পেট্রল পাম্পের মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৪৫টি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি ৬৯টি চাহিদার তুলনায় কম তেল নিয়ে চলছে। অবস্থা অপরিবর্তিত থাকলে দু-এক দিনের মধ্যে সিলেট বিভাগের সব কটি পেট্রল পাম্প বন্ধ হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সিলেট বিভাগের পেট্রল পাম্প অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বিভাগের চার জেলায় ১১৪টি পেট্রল পাম্প রয়েছে। এর মধ্যে সিলেট নগরে ৪৫টিসহ জেলায় মোট ৭০টি পাম্প রয়েছে। এসব পাম্পে প্রতিদিন ডিজেলের চাহিদা ১০ লাখ লিটার। পেট্রল ও অকটেন এক থেকে দুই লাখ লিটার। সব কটি পেট্রল পাম্পে তেল আসে চট্টগ্রাম থেকে। অবরোধ ও হরতালের কারণে সরবরাহ নিয়মিত না হওয়ায় সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলা ও আরপিজিসিএল থেকে ৪ লাখ লিটার ডিজেল ও ৭০ হাজার লিটার পেট্রল এনে পাম্পগুলোতে সরবরাহ করায় পেট্রল সংকট আপাতত কেটেছে।
পেট্রল পাম্প পরিচালনার সঙ্গে সম্পৃক্ত জ্বালানি তেল ব্যবসায়ীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে রেলের ওয়াগনের মাধ্যমে সিলেটে তেল আসে। হরতাল ও অবরোধের কারণে রেলের ওয়াগন চলাচল অনিয়মিত হয়ে পড়া ও কোনো কোনো দিন বন্ধ থাকায় এক সপ্তাহ ধরে ডিজেল ও অকটেনশূন্য রয়েছে অধিকাংশ পাম্প। আরপিজিসিএল থেকে সরবরাহ করা ডিজেল ও পেট্রল দিয়ে গতকাল পর্যন্ত পাম্পগুলো সচল রাখা সম্ভব হয়েছে। আজ শুক্রবারের মধ্যে সরবরাহ স্বাভাবিক না হলে জ্বালানি সংকটে পড়ে সব পাম্পই বন্ধ করতে হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী জানান, জ্বালানি তেল সংকটে গতকাল থেকে ৪০ ভাগ পাম্প বন্ধ হয়ে পড়েছে। গত মঙ্গলবার কৈলাশটিলা থেকে পুলিশ পাহরারায় পেট্রল ও ডিজেল পাওয়ায় তা দিয়ে কিছু পাম্প খোলা রাখা সম্ভব হয়েছিল।