জ্বালানি তেলের সরবরাহ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাগাতার অবরোধ কর্মসূচির কারণে সারা দেশে ডিজেলের চাহিদা ও সরবরাহ দৈনিক গড়ে প্রায় দুই হাজার টন কমে গেছে।
রেলের সময়সূচি বিপর্যস্ত হয়ে পড়ায় রংপুর ও পার্বতীপুর ডিপোতে অকটেন ও পেট্রলের মজুত ফুরিয়ে গেছে। এসব ডিপো থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের সরবরাহ করা হয়। তবে বাঘাবাড়ী ডিপোতে ডিজেলের পর্যাপ্ত মজুত আছে। কিন্তু সড়কপথে নাশকতার কারণে ভাউজারে বিভিন্ন জেলায় জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটছে।
বিপিসি সূত্র জানায়, অবরোধের কারণে রেলপথে জ্বালানি তেল সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটে। ফলে সিলেট, রংপুর ও পার্বতীপুরে জ্বালানি তেলের মজুত কমে গেছে। বিশেষ করে অকটেন ও পেট্রলের মজুত নেই বললেই চলে।
খোঁজ নিয়ে জানা গেছে, পার্বতীপুর ডিপোতে ৩৩ টনের বিপরীতে এক লিটার অকটেনও নেই। সেখানে ৩২০ টনের বিপরীতে পেট্রল আছে ১৭৩ টন। রংপুর ডিপোতে ২০০ টন পেট্রলের বিপরীতে মজুত আছে মাত্র এক টন। আর ৩৩ টনের বিপরীতে এক লিটারও অকটেন নেই।
বিপিসি সূত্র জানায়, রংপুরে ২ হাজার ৬০০ টনের বিপরীতে ১০২ টন ডিজেল ও বাঘাবাড়ীতে ৬০ হাজার টনের বিপরীতে ৪৭ হাজার টন ডিজেল মজুত আছে। পার্বতীপুরেও সাড়ে ১৪ হাজার টনের বিপরীতে সাড়ে সাত হাজার টন ডিজেল মজুত আছে। তবে রাজশাহী ও হরিয়ানে ডিজেলের মজুত শেষ।
বিপিসির চেয়ারম্যান এ এম বদরুদ্দৌজা প্রথম আলোকে বলেন, ‘আমি উত্তরবঙ্গের আটটি জেলার জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাকে জানিয়েছেন জ্বালানি পরিবহনে সমস্যা হচ্ছে না। পুলিশ ও বিজিবির সদস্যরা নিরাপত্তা দিয়ে ফিলিং স্টেশনে জ্বালানি তেল পৌঁছে দিচ্ছেন। তবে রেলপথে জ্বালানি পরিবহনে কিছুটা সমস্যা হচ্ছে। এ কারণে ওই জেলাগুলোতে পেট্রল ও অকটেনের মজুতে কিছু ঘাটতি থাকতে পারে। দু-এক দিনের মধ্যে সেই ঘাটতিও আর থাকবে না বলে আশা করছি।’
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে রংপুর ও সিলেটে রেলের ওয়াগনে জ্বালানি তেলের সরবরাহ করা হয়। নাশকতার কারণে রেলে জরুরি পাইলটিং করা হচ্ছে। এতে দেশে যাত্রীবাহী ও পণ্যবাহী রেল চলাচলের সময়সূচি বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কুমিল্লা, হাটহাজারী ও দোহাজারী বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি তেল সরবরাহে কোনো সমস্যা হচ্ছে না।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. বেলাল উদ্দিন বলেন, ‘অবরোধ কর্মসূচির পর রেললাইনে কিছু নাশকতার ঘটনা ঘটে। এতে রেলের নিরাপত্তা জোরদার করতে গিয়ে সূচি কিছু এলোমেলো হয়ে পড়ে। প্রথম দিকে আমরা ঠিকমতো জ্বালানি তেল পরিবহন করতে পারিনি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। আশা করি, পরিবহনব্যবস্থায় আর কোনো সমস্যা থাকবে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির একজন কর্মকর্তা বলেন, ‘অবরোধ কর্মসূচির প্রভাব পড়েছে জ্বালানি তেলের ব্যবহার, পরিবহন ও সরবরাহের ক্ষেত্রে। এই সময়ে উত্তরবঙ্গে বোরো ধানের চাষ শুরু হয়েছে। সেখানে ডিজেলের চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ার কথা। সেই হিসেবে দেশে দৈনিক গড়ে সাড়ে ১০ হাজার টন ডিজেল ব্যবহার হওয়ার কথা। এখন ব্যবহার হচ্ছে সাড়ে আট হাজার টন। সড়কপথে গাড়ি চলাচল কমে যাওয়ায় জ্বালানির চাহিদা কমেছে।’
বিপিসির চেয়ারম্যান বলেন, অবরোধের কারণে গাড়ি চলাচল অনেক কমে গেছে। সেই হিসাবে জ্বালানির চাহিদা কমে যাওয়া স্বাভাবিক।