জ্বালানি দক্ষতা বাড়াতে মহাপরিকল্পনা করে এগোতে হবে
সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার ও সচেতনতার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী জৈব জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমিয়ে আনা সম্ভব।
গতকাল মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবন মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যানেল (আইপিসিসি) মূল্যায়ন প্রতিবেদনের সাবেক প্রধান লেখক অধ্যাপক জোসে রপার্টো মোরেইরা এ কথা বলেছেন।
জোসে রপার্টো মোরেইরা জ্বালানি উৎপাদন ও ব্যবহারে দক্ষতা বাড়াতে সরকারকে একটি মহাপরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন। তিনি জ্বালানি খাতে ব্যয়ের সাড়ে ৭ শতাংশ অর্থ গবেষণা ও দক্ষতা বৃদ্ধির জন্য ব্যয় করার পরামর্শ দেন। শিল্প-কারখানা, ভবন ও বড় অবকাঠামোগুলো এমনভাবে নির্মাণ করার সুপারিশ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়। আর জনসাধারণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ব্যাপারে সচেতন করার উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন তিনি।
বিদ্যুৎ বিভাগ এবং জাপানের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা জাইকার যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। জোসে রপার্টো মোরেইরার আলোচনার বিষয় ছিল ‘জলবায়ু পরিবর্তনের বিকল্প প্রতিকার: ব্রাজিলের অভিজ্ঞতা’। তিনি ব্রাজিল ও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বেশ কিছু মিল তুলে ধরে বলেন, দুই দেশেই বিদ্যুতের ব্যবহার বাড়ছে। অর্থনৈতিক কারণেই দুই দেশকে প্রথাগত জ্বালানি উৎসের ওপরে নির্ভর করতে হচ্ছে।
সেমিনারে বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ারুল ইসলাম তাঁর বক্তৃতায় বাংলাদেশ জ্বালানি উৎস হিসেবে কয়লার দিকে বেশি মনোযোগ দেবে বলে জানান। বিশ্বের জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা খুবই সামান্য—এ মন্তব্য করে সচিব বলেন, তাই বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কম কার্বন নিঃসরণ করা বা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর দিকেই বেশি মনোযোগ দেবে।
সেমিনারে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, জ্বালানি বিশেষজ্ঞ এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।