জ্বালানি নিয়ে সংলাপের দাবি বিশেষজ্ঞদের
আজ শুক্রবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘সাপ্তাহিক’ আয়োজিত ‘সংশোধিত মডেল পিএসসি ২০১২: জ্বালানি সম্পদ ও জনস্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এ দাবি তোলেন। এই আলোচনায় বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র স্থাপনে সম্ভাব্য পরিবেশের ক্ষতির বিষয়টিও উঠে আসে।
আলোচনাসভায় বিশিষ্ট গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশে বর্তমানে আগামী নির্বাচন নিয়ে কথা হচ্ছে, বিতর্ক চলছে। দেশি-বিদেশিরা সংলাপের কথা বলছে। আমরাও সংলাপ চাই, তবে এই সংলাপ নির্বাচন নিয়ে নয়, এই সংলাপ দেশের জ্বালানি সম্পদ নিয়ে। তেল, গ্যাস ও বিদ্যুতের মতো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
আবুল মকসুদ বলেন, রাষ্ট্র এখন দুই ভাগে বিভক্ত। একদিকে সরকার, অন্যদিকে জনগণ। কেবল বর্তমান সরকারই নয়, সব সরকারই বহুজাতিক কোম্পানির প্রতি সহানুভূতিশীল। আর দেশের মানুষের প্রতি অসহানুভূতিশীল। সরকার জনগণের দাবি উপেক্ষা করে অল্প কিছু লোকের স্বার্থের জন্য জ্বালানিসংশ্লিষ্ট অনেক পদক্ষেপ নেয়।
তিনি আরও বলেন, একতরফাভাবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সরকারের নেই। সরকার এ ক্ষেত্রে স্বচ্ছতার পরিচয় দিতে চাইলে আমরা সংলাপ দাবি করছি। জনগণ, দেশি-বিদেশি জ্বালানি বিশেষজ্ঞ ও বিজ্ঞানী, অর্থনীতিবিদ, কৃষিবিদ, জনপ্রতিনিধি, মন্ত্রী, উপদেষ্টা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিয়ে সংলাপের ব্যবস্থা করুন। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘নিজেদের দেশপ্রেমিক পরিচয় দিতে চাইলে জ্বালানি বিষয় নিয়ে অবশ্যই সংলাপের ব্যবস্থা করুন। বিচার করুন আমাদের দাবিগুলো সঠিক, না বেঠিক। সবার মতামতের ভিত্তিতে জাতির জন্য যে সিদ্ধান্ত উপকারী হয়, সেই সিদ্ধান্তই নিন। অফিসকক্ষে বসে নেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।’
আলোচনায় অংশ নিয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, সরকার বিদ্যুত্ উত্পাদনের নামে সুন্দরবন ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে। প্রাকৃতিক সম্পদ বন ধ্বংস করে সেখানে বিদ্যুেকন্দ্র স্থাপনের চেষ্টা করছে। আর আমরা দেশের প্রাকৃতিক সম্পদ সুন্দরবন রক্ষার জন্য রামপাল বিদ্যুেকন্দ্র স্থাপন বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ কিছু দেশি কমিশনভোগী ও বহুজাতিক কোম্পানির স্বার্থে দেশের সম্পদ ধ্বংস করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মনে করেন তিনি। দেশের স্বার্থে, দেশের সম্পদ রক্ষায় ব্যাপকভাবে জনগণকে সম্পৃক্ত করা দরকার বলে মনে করেন তিনি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি আবদুল মতিন বলেন, রামপাল বিদ্যুেকন্দ্র স্থাপনের বিষয় নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় কাজ করেছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি জরিপের প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। এগুলোতে বিদ্যুেকন্দ্র স্থাপনে পরিবেশের বেশি ক্ষতি হবে বলে উল্লেখ করা হলেও সরকার তাতে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় রয়েছে।
‘সাপ্তাহিক’-এর সম্পাদক গোলাম মোর্তোজার সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ, বিডি রহমাতুল্লাহ, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।