জ্বালানি নিরাপত্তা তহবিল গঠন করছে বিইআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব শ্রেণির ভোক্তাদের স্বার্থরক্ষাকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তাদের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা সুরক্ষার জন্য একটি ‘জ্বালানি নিরাপত্তা তহবিল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই তহবিল গঠনের জন্য একটি ‘গাইডলাইন’-এর খসড়াও প্রকাশ করা হয়েছে। এই খসড়ার ওপর আগামী তিন দিন আগ্রহী সবাই মতামত দিতে পারবেন।
গতকাল বুধবার বিইআরসির কার্যালয়ে এক উন্মুক্ত সভায় এই খসড়া উপস্থাপন করা হয়। এ সময় বিইআরসির চেয়ারম্যান এ আর খান বলেন, গ্যাস বিক্রির অর্থ থেকে কিছু অংশ ভবিষ্যৎ প্রজন্মের জ্বালানি চাহিদা পূরণে বিনিয়োগের জন্য সঞ্চয় করা জরুরি। দেশের সীমিত গ্যাসসম্পদ যখন আরও কমে আসবে, তখন এই অর্থ জ্বালানির সংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাইডলাইনের খসড়া অনুযায়ী প্রতি ঘনমিটার গ্যাস বিক্রির অর্থ থেকে এক টাকা এক পয়সা জ্বালানি নিরাপত্তা তহবিলে জমা হবে। তাতে প্রতিবছর প্রায় আড়াই হাজার কোটি টাকা এই তহবিলে সঞ্চিত হবে। এই তহবিল গঠনের পাশাপাশি গ্যাসের যথেচ্ছ ব্যবহার বন্ধ ও চুরি রোধ করে গ্যাস ব্যবহারের অগ্রাধিকারও নির্ধারণ করতে চায় বিইআরসি।
এর আগে ২০০৯ সালে গ্যাসের দাম বাড়ানোর শর্ত হিসেবে গ্যাস বিক্রির অর্থ থেকে কিছু অর্থ নিয়ে ‘গ্যাস উন্নয়ন তহবিল’ নামে একটি তহবিল গঠনের আদেশ দিয়েছিল বিইআরসি। সেই তহবিলে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার কোটি টাকা জমা হয়েছে। সেই অর্থ গ্যাস খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে। তবে এই তহবিল পরিচালনার ভার বিইআরসির হাতে নেই। একটি নীতিমালা করে সরকারের হাতে নিয়ে নেওয়া হয়েছে।
‘জ্বালানি নিরাপত্তা তহবিল’ গঠনের খসড়া গাইডলাইন উপস্থাপনের আগে গতকাল সকালে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি গ্রহণ করে বিইআরসি। কোম্পানিটি গ্যাস বিক্রি থেকে তাদের অংশ (মার্জিন) তিন গুণের বেশি (প্রতি ইউনিট ২৪ পয়সা থেকে বাড়িয়ে ৭৪ পয়সা) বাড়ানোর প্রস্তাব করেছে।
কোম্পানিটি গত অর্থবছরে ৫০ কোটি টাকা মুনাফা করেছে। ২০০১ সালে কার্যক্রম শুরু করা এ কোম্পানির পুঞ্জীভূত মুনাফার পরিমাণ ১৪৭ কোটি টাকা। তাদের পদ্ধতিগত লাভ (সিস্টেম গেইন) গত অর্থবছরে ছিল ৩ দশমিক ৯৫ শতাংশ। চলতি বছর তা ৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। ‘সিস্টেম গেইন’-এর মানে হচ্ছে পাইপ লাইনে গ্যাসের চাপ কম থাকায় শিল্প ও বাণিজ্যিক গ্রাহকেরা গ্যাস কম পান। আর আবাসিক গ্রাহকেরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করার কথা, এর চেয়ে কম ব্যবহার করেন। ফলে কোম্পানির লাভ হয়।
বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি তাদের প্রস্তাব পর্যালোচনা করে কোম্পানিটির মার্জিন ১ দশমিক ৭০ পয়সা বাড়ানোর (যাতে মোট মার্জিন দাঁড়াবে প্রায় ২৬ পয়সা) সুপারিশ করেছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ বিভিন্ন যুক্তি দেখিয়ে দাম বাড়ানোর বিরোধিতা করেন। শুনানি চলার সময় বিইআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতা-কর্মীরা।