জ্বালানি বিক্রিতে সতর্ক থাকার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রলবোমা হামলাসহ অব্যাহত নাশকতার ঘটনায় নেত্রকোনার কেন্দুয়ায় ডিজেল, কেরোসিন ও পেট্রল বিক্রির ক্ষেত্রে জ্বালানি ব্যবসায়ী এবং বিক্রেতাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতা এড়াতে আগাম সতর্কতা হিসেবে এ-সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, দুর্বৃত্তরা জ্বালানি নিয়ে যেন কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে জন্য আগাম সতর্কতা হিসেবে ইতিমধ্যে উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নের জ্বালানি ব্যবসায়ীদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কেউ যাতে মাত্রাতিরিক্ত জ্বালানি কিংবা বোতলে করে পেট্রল কিনতে না পারে, সে জন্য ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তা ছাড়া অপরিচিত কিংবা সন্দেহভাজন ব্যক্তির কাছেও ডিজেল, কেরোসিন কিংবা পেট্রল বিক্রি না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জ্বালানি কিনতে আসা কোনো ব্যক্তি-সম্পর্কে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করারও পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, দুর্বৃত্তরা যাতে জ্বালানি ব্যবহার করে গাড়িতে আগুন ও পেট্রলবোমা ছুড়ে নাশকতা চালাতে না পারে, সে জন্য আগাম সতর্কতা হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।