জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ে পুলিশি বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুত্ ও তেলের মূল্যবৃদ্ধির পদক্ষেপের প্রতিবাদে গতকাল জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করেন গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা। এ সময় প্রতিবন্ধকতা ভেঙে ফেলেন তাঁরা । প্রথম আলো
বিদ্যুত্ ও তেলের মূল্যবৃদ্ধির পদক্ষেপের প্রতিবাদে গতকাল জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করেন গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা। এ সময় প্রতিবন্ধকতা ভেঙে ফেলেন তাঁরা । প্রথম আলো

বিদ্যুতের মূল্যবৃদ্ধির পদক্ষেপ বাতিলসহ পাঁচ দফা দাবিতে গতকাল বুধবার জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলন।
বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতা-কর্মীরা মিছিল করে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে গেলে পুলিশি বাধার মুখে পড়েন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। পরে সেখানেই সমাবেশ করেন নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে বিদ্যুতের দাম বাড়ানোর পদক্ষেপকে জনগণ এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) অনুষ্ঠিত শুনানিতেও দাম বাড়ানোর সিদ্ধান্ত যে অযৌক্তিক, তা তুলে ধরেছেন ভোক্তারা। তাঁরা বলেন, সরকার যদি জনমত উপেক্ষা করে একতরফা বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে আবদুস সালাম, আবুল হাসান রুবেল, তাসলিমা আখতার, বাচ্চু ভুইয়া, আবু বকর রিপন, আরিফুল ইসলাম, প্রবীর সাহা প্রমুখ বক্তব্য দেন।
তাঁদের পাঁচ দফা দাবির অন্যগুলো হলো বিদ্যুতের সর্বনিম্ন চার্জ পুনর্বিন্যাস, সেচের জন্য পিডিবির সর্বনিম্ন দর বহাল, গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা।
গণফোরামের মানববন্ধন: বিদ্যুতের দাম না বাড়ানো ও উৎপাদন খরচ কমানোর দাবিতে বিকেলে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে গণফোরাম। সংগঠনের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মোশতাক আহমেদ, আইয়ুব খান প্রমুখ।