জ্বালানি মন্ত্রণালয়ে আরও ১৬৫ তরুণের ইন্টার্নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিদ্যুৎ ভবনে পূর্ববর্তী ইন্টার্নদের সার্টিফিকেট প্রদান করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: বিজ্ঞপ্তি
রাজধানীর বিদ্যুৎ ভবনে পূর্ববর্তী ইন্টার্নদের সার্টিফিকেট প্রদান করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: বিজ্ঞপ্তি

প্রথম ধাপে এক শ তরুণের তিন মাস ইন্টার্নি শেষে এবার ১৬৫ তরুণ ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে পূর্ববর্তী ইন্টার্নদের সার্টিফিকেট প্রদান ও নতুন ইন্টার্নদের বরণ করে নেওয়ার জন্য আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

ইয়াং বাংলার ভিন্নধর্মী উদ্যোগ ‘ভিশন ২০২১ ইন্টার্নশিপ’-এর আওতায় তাঁরা সরকারি অফিসে ইন্টার্নি করার সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় থাকা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সিনিয়র পলিসি অ্যানালিস্ট শাহ আলী ফারহাদ বলেন, ইয়াং বাংলার সেক্রেটারিয়েট সিআরআই। বাংলাদেশে তরুণদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে ইয়াং বাংলা সব সময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে। এমন এক উদ্যোগ ‘ভিশন ২০২১ ইন্টার্নশিপ’। এর আওতায় গত বছর পর্যন্ত ৭৭৮ জন তরুণ-তরুণী সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে ইন্টার্নি করার সুযোগ পেয়েছেন। এবার নতুন করে আরও ১৬৫ জন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কাজের সুযোগ পাচ্ছেন।

শাহ আলী ফারহাদ বলেন, ইয়াং বাংলার ফেসবুক পেজ থেকে ইন্টার্নশিপের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়। আবেদনকারীদের মধ্য থেকে এ ১৬৫ জনকে বাছাই করা হয়েছে।

তিন মাস ইন্টার্নি শেষে এবার ১৬৫ তরুণ ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। ছবি: বিজ্ঞপ্তি
তিন মাস ইন্টার্নি শেষে এবার ১৬৫ তরুণ ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। ছবি: বিজ্ঞপ্তি

ইন্টার্নি করা ১০০ জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল তরুণ সমাজের সঙ্গে সরকারি অফিসগুলোর একটি যোগসূত্র সৃষ্টি করা। ইয়াং বাংলার সহায়তায় শুরু হওয়া এই কার্যক্রমকে আমরা স্বাগত জানিয়েছি। বিদ্যুৎ মন্ত্রণালয়ে ইন্টার্নির সংখ্যা জ্যামিতিক হারে বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।’

আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা মনীষা পোদ্দার বলেন, ‘এ ধরনের কার্যক্রম নিশ্চিতভাবে আমার অভিজ্ঞতায় দারুণ এক সংযোজন। এই ইন্টার্নি কার্যক্রম মাঠপর্যায়ে কাজ শেখার ক্ষেত্রে আমাকে খুবই সহযোগিতা করেছে।’

চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য সিএসসি সম্পন্ন করা সৌমেন কানুনগো বলেন, ‘হাতেকলমে বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রণালয়ের কাজ দেখার সুযোগ পাচ্ছি আমরা। এটি ভবিষ্যতে আমাদের পেশাগত কাজে অনেক সাহায্য করবে।’