জ্বালানি সনদ চুক্তি বিদেশি বিনিয়োগের কাছে রাষ্ট্রের সমর্পণ: ক্যাব
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে জ্বালানি সনদ চুক্তি স্বাক্ষরের পথে রয়েছে বাংলাদেশ। পশ্চিমা বহুজাতিক কোম্পানির বিনিয়োগ সুরক্ষায় তৈরি এ সনদে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ভোক্তা অধিকার সংগঠনটি বলছে, বিদেশি বিনিয়োগের কাছে রাষ্ট্রের সমর্পণ দলিল হচ্ছে জ্বালানি সনদ চুক্তি।
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি সভাকক্ষে আজ বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংলাপে এসব কথা জানিয়েছে ক্যাব। জ্বালানি রূপান্তরনীতি ও জ্বালানি সনদ চুক্তি নিয়ে সংলাপে আলাদা দুটি নিবন্ধ উপস্থাপন করা হয়। এতে বলা হয়, জ্বালানি সনদ চুক্তি কোনোভাবেই জনগণের স্বার্থ রক্ষা করে না। এতে জ্বালানি রূপান্তর নীতি বাধাগ্রস্ত হবে, রাষ্ট্র ঝুঁকির মধ্যে পড়বে।
ক্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি এম শামসুল আলম বলেন, গ্যাস রপ্তানির চেষ্টা করা হয়েছিল একসময়, তা প্রতিহত করা হয়েছে। দেশের সার্বভৌমত্বের স্বার্থে জ্বালানি সনদ চুক্তিতে স্বাক্ষরের পদক্ষেপও প্রতিহত করতে হবে।
জ্বালানি সনদ চুক্তির মূল উদ্যোক্তা নেদারল্যান্ডস। ১৯৯১ সালে ডাবলিনে এক সভায় দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী এনার্জি কমিউনিটি গড়ার প্রস্তাব দেন। ওই প্রস্তাবের হাত ধরে ইউরোপীয় জ্বালানি সনদ চূড়ান্ত হয়। এরপর পশ্চিমা বহুজাতিক কোম্পানির বিনিয়োগ সুরক্ষায় এটি ইউরোপের বাইরে চলে আসে। এটি হয়ে যায় জ্বালানি সনদ চুক্তি, যা ১৯৯৮ সাল থেকে কার্যকর হয়। বিশ্বের ৫৩টি দেশ ও অর্থনৈতিক জোট এ চুক্তিতে স্বাক্ষর করেছে।
জ্বালানি সনদ চুক্তি নিয়ে নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দিন খান। তিনি বলেন, এ চুক্তির উদ্যোক্তা নেদারল্যান্ডস এটি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদিও বের হওয়ার পর ২০ বছর পর্যন্ত চুক্তির শর্ত বহাল থাকে। এ জন্য এটি বিশ্বজুড়ে জম্বি (ভূত) চুক্তি নামে পরিচিত। ইতালি বের হয়ে যাওয়ার পরও এ চুক্তির আওতায় মামলায় পড়েছে। জার্মানি, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ চুক্তি থেকে বের হওয়ার চিন্তা করছে।
নিবন্ধে বলা হয়েছে, জ্বালানি সনদ চুক্তি স্বাক্ষর করা হলে বিদেশি বিনিয়োগকারীরা একতরফা নানা সুবিধা পাবেন। বিনিয়োগের সুরক্ষায় যেকোনো ধরনের ব্যত্যয় ঘটলে রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করতে পারবেন বাংলাদেশের বিদেশি বিনিয়োগকারীরা। মামলার জন্য বাংলাদেশের অনুমতি নেওয়ার দরকার হবে না। এসব মামলা পরিচালনাও রাষ্ট্রের জন্য অনেক ব্যয়বহুল হবে। দেশীয় পণ্য ব্যবহার বা স্থানীয় কর্মীদের কর্মসংস্থানের কোনো শর্ত বেঁধে দেওয়া যাবে না বিদেশি বিনিয়োগকারীকে।
আজ জ্বালানি রূপান্তর নীতির খসড়া উপস্থাপন করেন এম শামসুল আলম। তিনি বলেন, গ্যাস খাতে ২৫ দফা ও বিদ্যুৎ খাতে ১১ দফা সংস্কার প্রস্তাব করা হয়েছে। এগুলো বাস্তবায়ন করা হলে লুণ্ঠনমূলক ব্যয় বন্ধ হবে। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াতে হবে না। এসব ব্যয় অযৌক্তিক ও অপচয়ের মাধ্যমে করা হচ্ছে। ভর্তুকি দিয়ে যাকে আরও উৎসাহী করা হয়। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিয়ে জ্বালানি রূপান্তর নীতি বাস্তবায়নের তাগিদ দেওয়া হয় সংলাপে।
খসড়ায় বলা হয়েছে, প্রশাসনিক কর্তৃপক্ষের অবৈধ ও এখতিয়ারবহির্ভূত কর্তৃত্ব, জ্বালানি খাতের রেগুলেটরি সংস্থার নিষ্ক্রিয়তা ও অদক্ষতা, সুশাসনের সংকট, উপেক্ষিত জ্বালানি অধিকার ও পরিবেশ সংরক্ষণ এবং জ্বালানি ন্যায়বিচার না থাকাই বাংলাদেশে জনবান্ধব জ্বালানি উন্নয়নে বড় বাধা। জ্বালানিনীতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারের কাছে দাবি জানিয়ে যাবে ক্যাব।
সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্যাবের সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, রক্তপ্রবাহ ঠিক না থাকলে যেমন শরীর অচল হয়ে পড়ে; অর্থনীতির জন্য জ্বালানিও তেমন। জ্বালানির মূল্য কিছুটা স্থিতিশীল থাকায় দেশে এখন পর্যন্ত মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য জ্বালানির দাম জনগণের নাগালে রাখতে হবে।