তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার অতীতের শাসকগোষ্ঠীর মতোই লুটপাটের ধারা অব্যাহত রেখেছে। তারা নানা অজুহাতে দেশের সম্পদ পাচার করতে চায়। দেশের জ্বালানি ও খনিজ সম্পদ রপ্তানির যেকোনো উদ্যোগ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে বলে নেতারা ঘোষণা দেন।আইন করে খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করা, রপ্তানিমুখী পিএসসি ২০০৮ বাতিল করাসহ সাত দফা দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন পালনকালে দেওয়া বক্তৃতায় তাঁরা এসব কথা বলেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা পল্টন মোড়ে মানববন্ধন গড়ে তোলেন।নেতারা বলেন, গ্যাসের অভাবে বাড়িঘরে চুলা জ্বলছে না। কল-কারখানায় উত্পাদন বন্ধ। বিদ্যুতের উত্পাদন নেই। এই অবস্থায় স্থলভাগের ব্লকগুলো থেকে গ্যাস তুলে সর্বত্র উপযুক্ত চাপে গ্যাস সরবরাহ এবং মডেল পিএসসি ২০০৮ বাতিল করে শতভাগ মালিকানার শর্তে সাগরের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের নতুন দরপত্র আহ্বান করতে হবে।জ্বালানি দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি, খনিজ সম্পদ তোলার জন্য যোগ্য ও দুর্নীতিমুক্ত জাতীয় সংস্থা গড়ে তোলা এবং ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নেরও দাবি জানান নেতারা।জাতীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত দফা দাবিতে গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত টেকনাফ থেকে তেঁতুলিয়ার বিভিন্ন মহাসড়কের অন্তত ৫৪টি স্থানসহ সারা দেশের জেলা-উপজেলায় প্রায় ১৫০টি স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় কমিটির নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ যোগ দেয়।ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ী ও টেকনিক্যাল-শ্যামলীতে এবং শাহবাগ, পল্টন, মতিঝিল, প্রেসক্লাব, হাইকোর্ট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, আনিসুর রহমান মল্লিক, বিমল বিশ্বাস, মেজবাহ কামাল, আনু মুহাম্মদ, এম এম আকাশ, এস এম শামসুল আলম, নূর মোহাম্মদ প্রমুখ অংশ নেন। তাঁরা জাতীয় সম্পদ রক্ষার স্লোগান সংবলিত প্লাকার্ড বুকে ঝুলিয়ে, হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। এ সময় একদল সংগীতশিল্পী ঘুরে ঘুরে সংগীত পরিবেশন করেন।