নারায়ণগঞ্জে ৫২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার বেসরকারি একটি বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহে স্থানীয় একটি পক্ষ বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে ওই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
প্রশাসন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ মে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড়ে ধলেশ্বরীর শাখানদীর তীরে ৩৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেসরকারি ওই বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করেন। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগে থেকেই সিনহা পিপলস এনার্জির মালিকানাধীন ওই বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। বিদ্যুৎকেন্দ্রটিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সিঙ্গাপুর থেকে আমদানি করা ফার্নেস তেল।
৭ মে থেকে ফার্নেস তেলবাহী ট্যাংকার নোঙর করার জন্য নির্মিত বিদ্যুৎকেন্দ্রটির নিজস্ব জেটির দুই পাশে একটি খালি বার্জ ও একটি খালি লাইটারেজ জাহাজ নোঙর করে রেখেছে স্থানীয় একটি পক্ষ। ফলে বিদ্যুৎকেন্দ্রের জন্য ফার্নেস তেল নিয়ে আসা জাহাজ জেটিতে নোঙর করতে পারছে না। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রটিতে মজুত থাকা ফার্নেস তেল শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যাবে।
এ ঘটনায় ১০ মে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সিনহা পিপলস এনার্জির সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) শাহাবুদ্দিন আহমেদ। এতে অভিযোগ করা হয়, জ্বালানি সরবরাহে বাধা দিতে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটির সামনে সায়েম আহমেদ ও তাঁর লোকজন ৭ মে থেকে খালি বার্জ ও লাইটারেজ জাহাজ নোঙর করে রেখেছেন।
অভিযোগের ব্যাপারে ১২ মে সায়েমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ২০১২ সালে সিনহা পিপলস এনার্জি যখন এই এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে আসে, তখন তিনিই তাদের জমি কিনে দেন। শর্ত ছিল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের যাবতীয় ঠিকাদারি এবং ফার্নেস তেল পরিবহনের ব্যবসা সবই তাঁকে দিতে হবে। সিনহা পিপলস এনার্জি তাঁকে কাজ দেয়নি। তাই তিনি ৪ মে নারায়ণগঞ্জের চতুর্থ সহকারী জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা দায়ের করেন। ৭ মে আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। সিনহা পাওয়ার অঙ্গীকার ভঙ্গ করায় তিনি দুটি খালি জাহাজ তাদের জেটির দুই পাশে নোঙর করে রেখেছেন বলে স্বীকার করেন।
আদালতে আদেশের কপিতে উল্লেখ করা হয়েছে, ‘বিবাদী পক্ষ যাতে নালিশ ভূমি হইতে বাদীকে বেদখল গ্রহণ করিতে না পারে এবং বাদী পক্ষের জাহাজ বা বাহন সরাইয়া দিতে না পারে তৎমর্মে অত্র মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এক অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দানের প্রার্থনা করেছেন। আগামী ধার্য তারিখ পর্যন্ত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করা হইল।’
সায়েমের দাবির ব্যাপারে সিনহা পিপলস এনার্জি লিমিটেডের নির্বাহী পরিচালক মামুন হায়দার বলেন, সায়েম প্রথমে জমি নিজের দাবি করে তা কোম্পানির কাছে বেচতে চান। পরে কোম্পানি খোঁজ নিয়ে জানতে পারে, ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কম দামে জমি বায়না করে কয়েক গুণ বেশি দামে সায়েম কোম্পানির নামে জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন। সায়েমের এই প্রতারণা ধরতে পেরে একপর্যায়ে জমির মালিকেরা সরাসরি কোম্পানির কাছে জমি বিক্রি করেন। আর বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে বাজারমূল্যের চেয়ে বেশি দামে নিম্নমানের পণ্য সরবরাহ করা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কোম্পানি গত ২৩ মার্চ সায়েমের সঙ্গে অঙ্গীকারনামা নোটারি পাবলিকের মাধ্যমে বাতিল করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ বন্দরের যুগ্ম পরিচালক আরিফ হোসেন জানান, সদর উপজেলার গোপচর মৌজায় ধলেশ্বরী নদীর তীরে সিনহা পিপলস এনার্জি লিমিটেডকে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের মালামাল ওঠানো-নামানোর জন্য পন্টুন ও জেটি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদিত ওই জেটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়।
সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, বিদ্যুৎকেন্দ্রের জেটির প্রবেশমুখে সায়েম দুটি খালি জাহাজ নোঙর করে রেখেছেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সায়েম পুলিশকে আদালতের একটি আদেশনামা দেখান। পুলিশ আদালতের দেওয়া আদেশটি যাচাই করে দেখছে।