চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন ২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি তেল সরবরাহের রুট এখনো ঠিক করতে পারেনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি জ্বালানি তেল বিক্রির তিনটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পর নৌপথে জ্বালানি সরবরাহের পক্ষে যুক্তি দিয়েছেন। কিন্তু বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ বলেছে, নৌপথ ব্যবহার করা হলে পরিবেশ বিপর্যয় হবে। তাই তেল পরিবহন করতে হবে সড়কপথে। সূত্র জানায়, রাউজানের নোয়াপাড়া এলাকায় নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রটিতে গত জুন থেকে বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। কিন্তু নির্মাণকাজ শেষ না হওয়ায় এখন বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য সময় ধরা হয়েছে আগামী সেপ্টেম্বর। এর মধ্যে বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের চুক্তি করতে হবে। এ কারণে সরকারি তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার কর্মকর্তারা গত ৩০ মে বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করেন। গত ১৭ জুন তাঁরা বিপিসির কাছে একটি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে কর্ণফুলী নদী হয়ে হালদা নদীর মোহনা অথবা কর্ণফুলী নদীর তীরবর্তী লাম্বুরহাট স্লুইসগেটের পাশে তেল খালাসের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘যানজটে ব্যস্ত চট্টগ্রাম শহর অতিক্রম করে সড়কপথে ট্যাংকলরিযোগে পরিবহনের চেয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে নদীপথে পরিবহন যথেষ্ট নির্ভরযোগ্য হতে পারে।’ তবে পরিবেশবিদেরা হালদা নদী ব্যবহার করে রাউজানের নতুন বিদ্যুৎকেন্দ্রে তেল সরবরাহের যেকোনো ধরনের উদ্যোগের বিরোধিতা করেছেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, তেলবাহী কোনো ট্যাংকার হালদার মোহনা দিয়ে নদীতে প্রবেশ করলে নদীদূষণ হবেই। পানির ওপর তেলের আস্তর পড়লে পানিতে অক্সিজেনের স্বল্পতা দেখা দেবে। ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর খাদ্যাভাব দেখা দেবে। হালদায় প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তিনি বলেন, হালদার মোহনা মা-মাছের অন্যতম বিচরণক্ষেত্র। তা ছাড়া কর্ণফুলী ও অন্যান্য নদী থেকে এ পথেই প্রজননের জন্য মা-মাছ হালদা নদীতে আসে। এখানে বিশাল বিশাল বাঙ্কারের আসা-যাওয়া হলে হালদায় মা-মাছের আগমন বাধাগ্রস্ত হতে পারে। প্রতিবেদন থেকে জানা যায়, নবনির্মিত এ বিদ্যুৎকেন্দ্র থেকে চট্টগ্রামের তেল কোম্পানিগুলোর স্থাপনার দূরত্ব আনুমানিক ৩৬ কিলোমিটার। পুরোদমে বিদ্যুৎ উৎপাদিত হলে এ কেন্দ্রের দৈনিক জ্বালানি তেলের চাহিদা দাঁড়াবে ১০০ থেকে ১২৫ টন। রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মীর মোহাম্মদ জিন্নাত আলী বলেন, হালদা নদীতে বড় বড় মা-মাছের বাস। এখানে ঘাট তৈরি করে তেল তোলা হলে এসব মাছের চলাচলের পথ বন্ধ হয়ে যাবে। তা ছাড়া লাম্বুরহাট দিয়ে যে ঘাটে তেল খালাসের কথা বলা হয়েছে, সেখানে সড়ক খুবই সরু। ফলে জরুরিভাবে ওই পথে তেল সরবরাহ করা যাবে না। এজন্য ট্যাংকার দিয়ে পতেঙ্গা থেকে সড়কপথেই ফার্নেস তেল সরবরাহ করা সহজ সমাধান হবে।