বিদ্যুৎ খাতে গত পাঁচ বছরে অগ্রগতির চিত্র এখন সর্বত্র দৃশ্যমান। মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজও চলছে। কিন্তু এখনো জ্বালানিস্বল্পতা বিদ্যুৎ খাতের অগ্রগতির রাশ টেনে ধরে রেখেছে। অদূর ভবিষ্যতেও জ্বালানিই হবে বিদ্যুৎ খাতের বড় সমস্যা। এই অভিমত বিশেষজ্ঞদের।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, যেদিন রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়, সেদিনও জ্বালানিস্বল্পতায় অন্তত ৫০০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত হয়। এখন বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত ক্ষমতা প্রায় ১১ হাজার মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদনক্ষমতা প্রায় সাড়ে সাত হাজার মেগাওয়াট।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের নীতিসহায়তা ও গবেষণা সংস্থা পাওয়ার সেলের সূত্র জানায়, আসন্ন সেচ মৌসুম থেকে বিদ্যুতের চাহিদা বাড়বে। আগামী গ্রীষ্মে প্রকৃত সর্বোচ্চ চাহিদা হবে প্রায় নয় হাজার মেগাওয়াট। কিন্তু জ্বালানি স্বল্পতার কারণে অন্তত এক হাজার মেগাওয়াট উৎপাদন ব্যাহত হবে।
এই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৪’। আজ বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সম্মেলনকেন্দ্রের বাইরের প্রাঙ্গণে বসছে তিন দিনের বিদ্যুৎ মেলা। ২০১১ সাল থেকে এই সপ্তাহ পালিত হচ্ছে।
বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষ্যে গতকাল বুধবার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সাশ্রয়ী ব্যবহার, সহনীয় দাম ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার উপায় খুঁজে বের করা বিদ্যুৎ সপ্তাহের সব কার্যক্রমের প্রধান লক্ষ্য।
বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষ্যে বিদ্যুৎ বিভাগ একটি ফেসবুক অ্যাকাউন্ট চালু করাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন মধ্যমেয়াদি পরিকল্পনার যে চিত্র দেখা যায়, সেখানেও জ্বালানি সমস্যা বিদ্যুৎ খাতের অগ্রগতির বড় চ্যালেঞ্জ হিসেবেই বিদ্যমান। ওই পরিকল্পনা অনুসারে ২০১৭ সালের মধ্যে ১১টি বড় ও মাঝারি আকারের বিদ্যুৎকেন্দ্র চালু হবে। মূলত গ্যাস ও দ্বৈত জ্বালানিভিত্তিক (গ্যাস ও ফার্নেস তেল বা ডিজেল) এসব কেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা প্রায় পাঁচ হাজার মেগাওয়াট। কিন্তু এর প্রতিটি কেন্দ্র পূর্ণ চাহিদার জ্বালানি, বিশেষ করে গ্যাস পাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বিদ্যুৎ খাতের উন্নয়ন পরিকল্পনায় এর পরের ধাপে রয়েছে মূলত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। কিন্তু বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির রামপাল কেন্দ্রটি ছাড়া আর কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ২০২০ সালের মধ্যে চালু হওয়ার আশা করা যায় না। কারণ সরকারি কিংবা বেসরকারি খাতের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রেরও বাস্তবায়ন প্রক্রিয়া সেই পর্যায়ে পৌঁছেনি। অথচ সরকার ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা করেছে তার মধ্যে ১১ হাজার মেগাওয়াট করার কথা কয়লাভিত্তিক কেন্দ্রে।
বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির সমস্যা নিরসনে দেশের কয়লার ব্যবহারই একমাত্র নির্ভরযোগ্য ভরসা বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম। তিনি বলেন, দেশের কয়লা ব্যবহার ছাড়া সাশ্রয়ী দামে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে না।
অবশ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সরকার কয়লা তোলার ব্যাপারে শিগগিরই কোনো অবস্থান নিতে পারে। আর আমদানির ব্যাপারেও দ্রুতই সব প্রতিবন্ধকতার অবসান হবে বলে তিনি আশাবাদী। এ ছাড়া সরকার বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি বহুমুখীকরণের যে উদ্যোগ নিয়েছে তাও জ্বালানিস্বল্পতা নিরসনে ভূমিকা রাখবে বলে তিনি জানান।
এই জ্বালানি বহুমুখীকরণের মধ্যে কয়লা ও জ্বালানি তেল আমদানি ছাড়াও রয়েছে এলএনজি আমদানি এবং সৌর, বায়ু, জৈব গ্যাস প্রভৃতি নবায়নযোগ্য জ্বালানি।