জ্বালানির অভাবে উন্নয়ন হচ্ছে না উত্তরাঞ্চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর থেকে দেশের উত্তরাঞ্চলের প্রতি সব সময়ই বৈষম্য হয়েছে। ফলে এ অঞ্চলের তেমন উন্নয়ন হয়নি। জ্বালানির প্রাপ্যতা ও সুলভ সরবরাহের অভাব উত্তরাঞ্চলের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা। এ কারণে একদিকে শিল্পকারখানার সংখ্যা কম, অন্যদিকে বিনিয়োগকারীরাও আগ্রহ দেখাচ্ছেন না।গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত ‘উত্তরাঞ্চলের উন্নয়ন ও বাজেট ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।সেমিনারের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, সরকার দেশের নদীগুলো পর্যায়ক্রমে খননের সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য প্রায় ৪০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। ৩০ বছর ধরে এ কাজ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, কৃষিজমিতে সেচ দেওয়া উত্তরাঞ্চলের একটি প্রধান সমস্যা। যমুনা, পদ্মা ও মেঘনা নদীতে ‘ক্যাপিটাল ড্রেজিং’ ও ‘মেইনটেন্যান্স ড্রেজিং’ করতে হবে। তাহলে এসব নদীতে সারা বছর পানি পাওয়া যাবে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, কয়লা উত্তোলন ও এর ব্যবহার নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। তবে দ্রুত কয়লার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, চুক্তি ছাড়াই আমরা এ বছর তিস্তার পানি পেতে যাচ্ছি।ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ফুলবাড়ি ও মধ্যপাড়া কয়লাখনিতে এক হাজার মিলিয়ন মেট্রিক টন কয়লা আছে। ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা গেলে আগামী ৩৫ বছর পর্যন্ত প্রতিদিন পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। কিন্তু পরিবেশবাদীদের কারণে তা করা যাচ্ছে না।রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আঞ্চলিকতার কারণেই এতদিন উত্তরবঙ্গের উন্নতি হয়নি।রাজশাহীর সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, সরকারের ভ্রান্ত নীতির কারণে উত্তরাঞ্চলের উন্নয়ন হয়নি। সারা দেশের জন্য সরকার একটি নীতি তৈরি করে। কিন্তু দেশের সব স্থানের অবস্থা এক নয়।সেমিনারে রাজশাহীর সাংসদ ফজলে হোসেন বাদশা, পঞ্চগড়ের সাংসদ নুরুল ইসলাম, রংপুরের সাংসদ টিপু মুন্সী, চাঁপাইনবাবগঞ্জের সাংসদ জিয়াউর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুল এলাহী, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর, এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ইমদাদুল হক ও আবদুস সাত্তার, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ প্রমুখ বক্তব্য দেন। এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লা আমজাদ হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন।