অর্থাভাবে জ্বালানির বকেয়া টাকা শোধ না দিতে পারায় সাতক্ষীরা সদর হাসপাতালে দুটো অ্যাম্বুলেন্সই ১৮ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে এ হাসপাতালের রোগীদের এখন অ্যাম্বুলেন্সের জন্য দ্বিগুণ টাকা ব্যয় করতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীদের জরুরি ভিত্তিতে আনা-নেওয়ার জন্য দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। দুটি অ্যাম্বুলেন্সের জন্য জেলা শহরের মেসার্স সাতক্ষীরা ফিলিং স্টেশন থেকে বাকিতে তেল নেওয়া হয়ে থাকে। প্রতি অর্থবছর শেষে সেই টাকা পরিশোধ করা হয়। ২০১৫-১৬ অর্থবছরে বাকি পড়েছিল ১৫ লাখ ৫৭ হাজার ২৩৯ টাকা। কিন্তু বরাদ্দ পাওয়া যায় মাত্র ৮ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে বরাদ্দ পাওয়া টাকা দেওয়ার পরও ওই ফিলিং স্টেশনের কাছে বাকি রয়েছে ৭ লাখ ৭ হাজার ২৩৯ টাকা। ওই টাকা পরিশোধ করতে না পারায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দুটির জন্য ১ জুলাই থেকে পেট্রল সরবরাহ বন্ধ করে দিয়েছে। সেই থেকে অ্যাম্বুলেন্স দুটি জ্বালানির অভাবে হাসপাতালে পড়ে আছে। জরুরি প্রয়োজনে এখন রোগীদের বেসরকারি অ্যাম্বুলেন্সই ভরসা।
হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য প্রতি কিলোমিটারে রোগীদের ভাড়া দিতে হয় ২০ টাকা করে। সে হিসাবে সাতক্ষীরা থেকে ৬০ কিলোমিটার দূরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে ব্যয় হয় ১ হাজার ২০০ টাকা। কিন্তু একই পথে কোনো বেসরকারি অ্যাম্বুলেন্সে যেতে ভাড়া দিতে হয় আড়াই হাজার টাকার বেশি। এতে এখন উন্নত চিকিৎসা নিতে যেসব রোগীকে ঢাকা, খুলনাসহ বিভিন্ন স্থানে যেতে হচ্ছে, তাদের বাড়তি ব্যয় করতে হচ্ছে। মারাত্মক অসুস্থ কোনো রোগীকে এ হাসপাতালে আনার ক্ষেত্রেও একই সমস্যায় পড়তে হচ্ছে।
আবদুর রহমান নামের এক রোগী ১৩ জুলাই সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি বলেন, একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে তাঁকে এই পথ যেতে গুনতে হয়েছে ২ হাজার ৬০০ টাকা।
অ্যাম্বুলেন্স বন্ধ থাকার বিষয়টি স্বীকার করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন উৎপল কুমার দেবনাথ। তিনি বলেন, ফিলিং স্টেশনের বকেয়া পরিশোধের জন্য বরাদ্দ চেয়ে ১২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ এলে সমস্যার সমাধান হয়ে যাবে।