রাজবাড়ী সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চলাচল ১ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে। ফিলিং স্টেশন জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বকেয়া পরিশোধ না করায় তারা তেল সরবরাহ বন্ধ রেখেছে। এতে দুর্ভোগে পড়েছে রোগীরা।হাসপাতাল সূত্রে জানা গেছে, দুটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ: ৭১-০২৮২ ও রাজবাড়ী ছ: ১১-০০০৫) রোগী স্থানান্তর ও অল্প খরচে আনা-নেওয়া করা হয়। কিন্তু চলতি অর্থবছরে রাজবাড়ী সিভিল সার্জন অফিসে জ্বালানি খাতে মোট চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকা থেকে তিন লাখ ৯৮ হাজার ৪১ টাকা পরিশোধ করার পরও প্রায় ১২ লাখ টাকা বকেয়া রয়েছে। এ জন্য জ্বালানি তেল সরবরাহকারী রাজবাড়ী ফিলিং স্টেশন তাদের সরবরাহ বন্ধ রেখেছে।অ্যাম্বুলেন্সের চালক আবদুল্লাহ আল মাসুদ জানান, ফিলিং স্টেশন তেল না দেওয়ায় বৃহস্পতিবার থেকে গাড়ি চালানো বন্ধ রয়েছে। এতে রোগীদের আত্মীয়স্বজনের কাছ থেকে অনেক দুর্ব্যবহার সইতে হচ্ছে।ফিলিং স্টেশনের কর্মকর্তা মোফাখখারুল ইসলাম চৌধুরী জানান, প্রায় ১৬ লক্ষাধিক টাকা পাওনা রয়েছে। কয়েকবার তাগাদা দেওয়ার পর অবশেষে ১ ডিসেম্বর থেকে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।সিভিল সার্জন মো. নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘বকেয়া টাকার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি ও টেলিফোনের মাধ্যমে একাধিকবার জানানো হয়েছে। স্থানীয় সাংসদ কাজী কেরামত আলীকেও জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি।’