দেশে প্রাথমিক জ্বালানির উৎসের সীমাবদ্ধতা কাটছে না। দীর্ঘদিন ধরে চাহিদার তুলনায় বাণিজ্যিক জ্বালানির সরবরাহে ঘাটতি থেকেই যাচ্ছে। ফলে ২০০৯-১০ সালে যেমন বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ালে সার কারখানা বন্ধ রাখতে হতো, এখনো তা-ই হচ্ছে। একইভাবে সার কারখানা চালু রাখলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।
গত প্রায় পাঁচ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বেড়েছে সাত হাজার মেগাওয়াটের বেশি। গ্যাসের উৎপাদনক্ষমতা বেড়েছে প্রায় ৬০ কোটি ঘনফুট। কিন্তু তা চাহিদা মেটাতে পারছে না। ফলে উচ্চমূল্যের জ্বালানি তেলের আমদানি বেড়েছে প্রায় দ্বিগুণ।
এর কারণ, সরকার প্রায় পাঁচ বছর আগে একমাত্র দেশীয় জ্বালানি-গ্যাসের ওপর একেক নির্ভরতা কাটাতে ‘জ্বালানি বহুমুখীকরণ’ বা মিশ্র জ্বালানি ব্যবহারের (এনার্জি মিক্স) যে উদ্যোগ নিয়েছিল, তা কার্যকর হয়নি। শুধু আমদানি করা তেলের ব্যবহার বেড়েছে। কিন্তু অন্যান্য সম্ভাব্য উৎস—যেমন কয়লা, নবায়নযোগ্য জ্বালানি এবং এএলএনজি ও এলপি গ্যাসের মতো অপেক্ষাকৃত সস্তা আমদানিযোগ্য জ্বালানির ব্যবহার সীমিতই রয়ে গেছে।
জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, জ্বালানির দেশীয় বিকল্প উৎসের ব্যবহার না হওয়ায় চাহিদার প্রবৃদ্ধির সঙ্গে সরবরাহের সামঞ্জস্য রক্ষা করা যাচ্ছে না।
এই প্রেক্ষাপটে আজ ৯ আগস্ট পঞ্চমবারের মতো জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
দিবসটির তাৎপর্য হচ্ছে—১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির কাছ থেকে মাত্র ৪৫ লাখ পাউন্ড স্টার্লিংয়ে (তখনকার ১৭ কোটি ৮৬ লাখ টাকা) পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে নিয়েছিলেন। গ্যাসক্ষেত্রগুলো হচ্ছে তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ, রশিদপুর ও কৈলাসটিলা।
এই পাঁচটি ক্ষেত্রে গ্যাসের উত্তোলনযোগ্য মোট মজুত ১৫ দশমিক ৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এখন পর্যন্ত এর অর্ধেকের মতো তোলা হয়েছে। এখনো প্রতিদিন দেশে মোট ব্যবহৃত গ্যাসের ৪০ শতাংশের বেশি উৎপাদিত হচ্ছে এই ক্ষেত্রগুলো থেকে।
সরকারের ‘জ্বালানি বহুমুখীকরণ’ উদ্যোগের অন্যতম প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি। এই পরিকল্পনা ২০১০ সালের। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত চুক্তিই সই হয়নি। আরেকটি উদ্যোগ আমদানি করা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন। এ ক্ষেত্রেও অগ্রগতি আশাব্যঞ্জক নয়। কারণ, দীর্ঘ মেয়াদে বিপুল পরিমাণ কয়লার উৎস অনিশ্চিত। লাখ লাখ টন কয়লা আমদানির অবকাঠামোর অভাব। এগুলো তৈরি করা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। কিন্তু প্রয়োজনটা আজকের।
দেশের কয়লা উত্তোলনেও সরকার দৃশ্যত সিদ্ধান্তহীন। অথচ ২০২১ সালের মধ্যে সরকার বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায়, যার বৃহদংশই কয়লা থেকে করার কথা। বাস্তবে ২০২০ সালের আগে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়াও অনিশ্চিত।
গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স পরিকল্পনা অনুযায়ী কাজ চালাচ্ছে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। সমুদ্রবক্ষে অনুসন্ধানের যা অবস্থা, তাতে ২০২০ সালের আগে সেখান থেকে গ্যাস পাওয়ার সম্ভাবনা নেই।
আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যুৎ ও জ্বালানি পাওয়ার সম্ভাবনা আছে। তবে তাতেও অনেক সময় লাগবে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণও অনেক সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন প্রথম আলোকে বলেন, দেশের কয়লা তোলা, কয়লা আমদানি ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানের বিষয়গুলো তো সরকারের ভাবনাতে আছেই। এগুলো ত্বরান্বিত করা দরকার। আর স্থলভাগে গ্যাস অনুসন্ধান দ্রুততর করা দরকার। এ ছাড়া, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা এবং অগ্রাধিকার নির্ণয় করে জ্বালানির দক্ষ ব্যবহার গুরুত্বপূর্ণ। এর প্রতিটিই নতুন একেকটি জ্বালানি উৎস খুঁজে পাওয়ার সমান।