জ্বালানির দক্ষ ব্যবহারে সচেতনতা সৃষ্টির আহ্বান
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জ্বালানির দক্ষ ব্যবহার, সাশ্রয় ও সংরক্ষণের বিষয়ে সচেতন হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় ও এর অধীন সব সংস্থাকে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম গ্রহণ করতে বলেছেন।জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) পেট্রোসেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি ওই আহ্বান জানান। দিবসটি উপলক্ষে গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রা হয়।গত বছর থেকে ৯ আগস্ট সরকারিভাবে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালিত হচ্ছে। দিবসটির তাৎপর্য হচ্ছে, ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির কাছ থেকে মাত্র ৪৫ লাখ পাউন্ডস্টার্লিংয়ে (তখনকার ১৭ কোটি ৮৬ লাখ টাকা) পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে রাখেন। ক্ষেত্রগুলো হলো: তিতাস, বাখরাবাদ, রশীদপুর, হবিগঞ্জ ও কৈলাসটিলা।পরবর্তীকালে এ গ্যাসক্ষেত্রগুলো জাতীয় জ্বালানি নিরাপত্তার বড় নির্ভরস্থল হয়ে ওঠে। ওই পাঁচটি ক্ষেত্রে মজুদ গ্যাসের পরিমাণ এ পর্যন্ত আবিষ্কৃত দেশের সব কটি গ্যাসক্ষেত্রের উত্তোলনযোগ্য মজুদের প্রায় ৬৫ শতাংশ। এর মোট দাম ১৬৪ হাজার কোটি টাকা, যা ক্রয়মূল্যের চেয়ে প্রায় ১০ হাজার গুণ বেশি।জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, ওই মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া ও এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন। তাঁরা ছাড়াও বক্তব্য দেন পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মোক্তাদীর আলী ও ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মুনিরা আখতার চৌধুরী।