রাজধানীতে চলাচল করা বাসের মালিকদের একটি সংগঠন জ্বালানির দাম কমানোর দাবি জানালে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন অপারগতা জানিয়েছেন। সংগঠনটি টায়ারসহ খুচরা যন্ত্রাংশের ওপর আরোপিত আমদানি শুল্ক কমানোর দাবিও জানায়।গতকাল সোমবার রাজধানীতে চলাচলকারী বাসমালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের (এবিসি) নেতারা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি জানান।সম্প্রতি সরকার জ্বালানি তেল ও সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি পাঁচ পয়সা বৃদ্ধি করে। ঢাকাসহ দূরপাল্লার গন্তব্যে চলাচলকারী বাসের মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি নতুন হারে ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছে। এ সংগঠনও টায়ারসহ খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোর দাবি জানিয়েছে।যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এবিসির নেতারা প্রথমে জ্বালানির দাম কমানোর দাবি জানান। মন্ত্রী তাতে অপারগতা জানান। এরপর তাঁরা টায়ারসহ খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোর দাবি জানান। মন্ত্রী তাঁদের আশ্বাস দেন, অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে এ বিষয়ে তিনি কথা বলবেন।সূত্র জানায়, এরপর এবিসির নেতারা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। এ সংগঠনটি শাজাহান খানের বিরোধী বলে পরিচিত ছিল। শাজাহান খান পরিবহন নেতা হিসেবে পরিবহন খাতের ভাড়া নির্ধারণসহ প্রায় সব বৈঠকে উপস্থিত থাকেন। তবে গতকাল যোগাযোগমন্ত্রীর সঙ্গে এবিসির নেতাদের সাক্ষাতের সময় তিনি ছিলেন না।এবিসির সভাপতি খোন্দকার রফিকুল হোসেন প্রথম আলোকে বলেন, যোগাযোগমন্ত্রী ও নৌমন্ত্রী টায়ারের শুল্ক কমানোর আশ্বাস দিয়েছেন। কয়েক দিন অপেক্ষা করবেন তাঁরা। আগে থেকেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটি ঠিক নয়। অল্প কিছু বাসে তা হতে পারে।এদিকে ঢাকা সড়ক পরিবহন সমিতি গত রোববার বৈঠক করে জানিয়েছে, তারা বর্ধিত নয়, আগের ভাড়াই আদায় করবেন। সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, সরকার তাঁদের আশ্বাস দিয়েছে যে টায়ারের শুল্ক কমানো হবে। সেই অপেক্ষাতেই আছেন তাঁরা।বাসমালিকেরা আশঙ্কা করছেন, এখন ভাড়া বাড়ালে যাত্রীদের প্রতিরোধের মুখে পড়তে হবে। কারণ মে মাসে জ্বালানির মূল্যবৃদ্ধির পর সরকার মিনিবাস-বাসের ভাড়া নির্ধারণ করেছিল যথাক্রমে কিলোমিটারপ্রতি এক টাকা ৪৫ পয়সা ও এক টাকা ৫৫ পয়সা। কিন্তু বাসমালিকেরা ভাড়ার এই হার না মেনে নিজেদের ইচ্ছেমতো ভাড়া আদায় শুরু করেন। ওই ভাড়াই নতুন হারের চেয়ে বেশি। ওই সময়েও সরকার-নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাগিবতণ্ডা, হাতাহাতির ঘটনা ঘটে।এ বিষয়ে এনায়েত উল্যাহ বলেন, সারা দেশে দুই লাখ বাস-মিনিবাস চলাচল করে। এর মধ্যে রাজধানীতে ৩০০ থেকে ৪০০ বাসে বাড়তি ভাড়া আদায় করা হয়। এসব বাসের মালিককে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।