জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের অর্থনীতি নতুন করে সংকটে পড়বে, বাড়বে জনজীবনের চলমান সংকট। প্রকৃত আয় কমে গিয়ে সাধারণ মানুষের জীবনযন্ত্রণা আরও বেড়ে যাবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। তাঁরা অবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ ও বিবৃতি দিয়ে জ্বালানি তেল এবং সিএনজির মূল্যবৃদ্ধির ঘোষণার প্রতিবাদ করেছে। সিপিবির সমাবেশে বক্তারা বলেন, জ্বালানিপণ্যের মূল্য কমানোর দাবি মেনে নেওয়ার বদলে সরকার মধ্যরাতে আরেক দফা মূল্য বৃদ্ধি করেছে। সরকারের এ সিদ্ধান্ত জনগণের কাছে ‘কাটা ঘায়ে নুনের ছিটা’র মতো এবং জনগণের প্রতি চরম শত্রুতাসুলভ আচরণ।আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে সিপিবির নেতা সাজ্জাদ জহির, রুহিন হোসেন, আহসান হাবিব, যুবনেতা হাফিজ আদনান, শ্রমিকনেতা খায়রুল মামুন প্রমুখ বক্তব্য দেন। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে সরকারের স্বেচ্ছাচারী ও দায়িত্বহীন সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল এক বিবৃতিতে সিটিজেন রাইটস মুভমেন্ট বলেছে, বারবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে একশ্রেণীর সুযোগসন্ধানী ব্যবসায়ী গোষ্ঠী যোগাযোগব্যবস্থাসহ ভোগ্যপণ্য বাজারে অযৌক্তিক ও অসহনীয় মূল্য বৃদ্ধি করছে। পৃথক বিবৃতিতে গণতান্ত্রিক মজুদ পার্টি বলেছে, বারবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে সরকার দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। ঢাকা মহানগর সিএনজিচালিত অটোরিকশা ব্যবসায়ী-মালিক সমিতির বিবৃতিতে বলা হয়, ২০১১ সালে দুবার সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আবারও বৃদ্ধি করলে সিএনজিচালিত অটোরিকশা ব্যবসায়ী-মালিক সমিতির পাঁচটি সংগঠন মিলে সব ধরনের যানবাহন বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করবে।