জ্বালানিসংকট মেটাতে বিকল্প উৎস ও প্রযুক্তির প্রয়োগ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গ্যাসের মজুদ দ্রুত ফুরিয়ে আসার পাশাপাশি পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রতিনিয়ত বাড়ছে। তাই ক্রমবর্ধমান জ্বালানিসংকট মেটাতে বিকল্প উৎস সন্ধানের পাশাপাশি নতুন প্রযুক্তির প্রয়োগ করতে হবে। তবে জ্বালানির বিকল্প উৎস হিসেবে সৌরশক্তি, বায়ু এমনকি পারমাণবিক শক্তি ব্যবহারের সময় স্থানীয় প্রেক্ষাপটে এসবের উপযোগিতা ও ব্যয় সাশ্রয়ের বিষয়গুলো যাচাই করে দেখা উচিত।গতকাল শুক্রবার রাজধানীতে জ্বালানি ও প্রযুক্তিবিষয়ক এক সংলাপে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা ওই অভিমত দিয়েছেন। বিকল্প জ্বালানি ও নতুন প্রযুক্তি (অলটারনেটিভ এনার্জি অ্যান্ড নিউ টেকনোলজি) শীর্ষক সংলাপের আয়োজন করে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। ডেইলি স্টার মিলনায়তনে অনুষ্ঠিত ওই সংলাপে বিভিন্ন দেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশি জ্বালানি বিশেষজ্ঞরা স্থানীয় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সংলাপে অংশ নেন দুই মার্কিন জ্বালানি বিশেষজ্ঞ। বিশ্বের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে বিকল্প উৎস ও নতুন প্রযুক্তির ব্যবহার এবং বাংলাদেশে এর প্রয়োগ নিয়ে বিশেষজ্ঞরা কথা বলেন।সংলাপে ‘বাংলাদেশে জ্বালানির চ্যালেঞ্জ, টেকসই জ্বালানি সমাধানের রোডম্যাপ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আনোয়ার। তিনি বলেন, জ্বালানি সমস্যার সমাধান হচ্ছে, সব বিষয়ের সমন্বিত একটি সমাধান, যার মধ্যে নীতি ও মূল্যের সমন্বয় থাকা বাঞ্ছনীয়। জ্বালানিসংকটের সমাধানের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি জরুরি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সে হিসেবে আগামী নয় বছরে বার্ষিক এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। বাংলাদেশের জন্য কাজটি চ্যালেঞ্জের। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশের এ জ্বালানি বিশেষজ্ঞ মনে করেন, জ্বালানির বিকল্প উৎস আর প্রযুক্তির মধ্যে লুকিয়ে আছে চ্যালেঞ্জের সমাধান। বড় আকারের সৌরবিদ্যুৎ প্রকল্প এখনো যথেষ্ট ব্যয়বহুল। সে ক্ষেত্রে স্থানীয়ভাবে উৎপাদিত ছোট মাপের সৌরবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের জন্য সহজলভ্য।যুক্তরাষ্ট্রের ফুয়েল সেল ইনকের জ্যেষ্ঠ সহসভাপতি ও ফেলো মোহাম্মদ ফারুক জীবাশ্ম জ্বালানি (ফসিল ফুয়েল) বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, জ্বালানির মজুদ দ্রুত ফুরিয়ে আসায় বর্তমানে যেসব উৎস আছে, তা সংরক্ষণের পাশাপাশি বিকল্প উৎসের সন্ধান অনিবার্য হয়ে পড়েছে। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির বাজারে ‘ফুয়েল সেল প্ল্যান্ট’র চাহিদা বাড়ছে। এটি মূলত এক ধরনের ব্যাটারি। তবে ব্যাটারির মতো নষ্ট হয় না বা রিচার্জের প্রয়োজন হয় না। যতক্ষণ জ্বালানি সরবরাহ থাকে, এটি নিজেই বিদ্যুৎ ও তাপ থেকে শক্তি উৎপন্ন করে। একটি সেলে একটি ইলেকট্রোলাইট দুটি ইলেকট্রোড দিয়ে সংযুক্ত থাকে। একটি ইলেকট্রোডের মধ্যে দিয়ে অক্সিজেন এবং অন্যটি দিয়ে হাইড্রোজেন যায়। তৈরি হয় বিদ্যুৎ, পানি ও তাপ। হাসপাতাল, হোটেল, বিশ্ববিদ্যালয় বা কারখানাগুলো এ ধরনের ফুয়েল সেল শক্তি ব্যবহার করতে পারে। জাপান সরকার এ ধরনের নবায়নযোগ্য শক্তি ব্যবহারের জন্য জোরদার কর্মসূচি হাতে নিয়েছে। তিনি জানান, রাজধানীর বিভিন্ন ধরনের আবর্জনা থেকে কোনো ধরনের দূষণ ছাড়াই ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।সৌরশক্তি, বায়ু ও বায়োমাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে ভার্জিনিয়া টেকের অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক সাইফুর রহমান বলেন, সৌর, বায়োগ্যাস ও বায়োমাস দিয়ে তৈরি নবায়নযোগ্য জ্বালানি বাংলাদেশের তেল-গ্যাস-কয়লার বিকল্প জ্বালানি হিসেবে উপযুক্ত। শেভরন এনার্জি টেকনোলজির জ্বালানি বিশেষজ্ঞ আহমেদ বদরুজ্জামান বলেন, সৌর প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর সাড়ে চার শ গুণ (৮০০ ট্রিলিয়নের সাড়ে চার শ গুণ) জ্বালানিশক্তি উৎপাদন সম্ভব। সংলাপ সঞ্চালনা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। স্বাগত বক্তব্যে ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘জাতির বিভিন্ন উন্নয়ন ইস্যুতে একটি প্ল্যাটফর্ম তৈরির জন্য আমরা এ অনুষ্ঠানের আয়োজন করেছি। এ প্ল্যাটফর্মের মাধ্যমে অনাবাসী বাংলাদেশি, নীতিনির্ধারক ও বেসরকারি খাতের লোকজন তাঁদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সমাধানের পথ বাতলে দেবেন।’সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, পিডিবি, বাপেক্সকো এবং তিতাস গ্যাসের কর্মকর্তা ছাড়াও গবেষক, ব্যবসায়ী ও ব্যাংকার সংলাপে উপস্থিত ছিলেন।