জ্বালানিসচিবের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক গতকাল সোমবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদ্রোগ ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল বাদ জোহর বাংলাদেশ সচিবালয় মসজিদে প্রথম জানাজা এবং বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে গতকালই তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
এই সচিবের মৃত্যুতে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে শোকপ্রস্তাব পাস হয়। এ ছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শোক প্রকাশ করেছেন। সচিবালয়ে জানাজা শেষে আবু বকর সিদ্দিকের লাশ দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আবু বকরের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
১৯৫৮ সালে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামে আবু বকর সিদ্দিকের জন্ম। ১৯৮২ বিশেষ বিসিএস ব্যাচের কর্মকর্তা আবু বকর মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন পদে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ২০ জুলাই থেকে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পালন করছিলেন।