জ্বালানি-প্রশ্নে সরকার নিজের পায়ে কুড়াল মারছে। সরকারের হাত থেকে এই কুড়াল নিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি সুলতানা কামাল। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বাপা আয়োজিত এক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুলতানা কামাল বলেন, সরকার এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য) সই করেছে। রাষ্ট্র পরিবেশ-প্রতিবেশ রক্ষার অঙ্গীকার করলেও বাস্তবে তা রক্ষা করছে না। অপরিপক্বতা বা কোনো গোষ্ঠীর স্বার্থরক্ষা, যে কারণেই সরকার এটি করুক না কেন, সচেতন নাগরিক হিসেবে এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে। তা না হলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
‘অদম্য এক বিপ্লব: শতভাগ নবায়নযোগ্য জ্বালানি-ভবিষ্যতের দিকে ধাবমান সারা বিশ্ব’ শীর্ষক এই বক্তৃতা অনুষ্ঠানে মূল বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ব্রেনডিস ইউনিভার্সিটির অধ্যাপক সাজিদ কামাল। নবায়নযোগ্য জ্বালানির প্রতি পুরো বিশ্বই যে আগ্রহী এবং দিন দিন এর ব্যবহার বাড়ছে, তা নিয়ে তিনি কথা বলেন। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির উৎস ও এগুলোর ব্যবহার নিয়েও বক্তব্য দেন তিনি।
অনবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জটিল ও আত্মহত্যার শামিল বলে মন্তব্য করে সাজিদ কামাল বলেন, জ্বালানি-প্রশ্নে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে যাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু বিভিন্ন দেশ এখন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশ এখন সেই পথেই এগিয়ে যাচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে তিনি সোলার প্যানেল, বায়োগ্যাস, বায়ু-বিদ্যুৎ প্রভৃতির কথা উল্লেখ করেন। সাজিদ কামাল বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশেরও সম্ভাবনা আছে। একসঙ্গে কাজ করলেই সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ পানি। সুন্দরবনও পানির ওপর অবস্থিত। কিন্তু বেশির ভাগ উন্নয়ন প্রকল্পই পানি ও মানুষবিনাশী। অনেক আমলা ও বিশেষজ্ঞ বলছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে না। এসব ব্যক্তি কিছু টাকার জন্য এমন বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়েরর আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিদ্যুতের উৎস হিসেবে কয়লা সবচেয়ে পরিবেশ দূষণকারী। এ ব্যবস্থা বাংলাদেশে ব্যবহার করলে অনেক ক্ষতি হবে। রামপালে ঠিক সেই কাজটিই করা হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে তরুণসমাজকে জানানো উচিত বলে মন্তব্য করেন গবেষক, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, নবায়ন ও অনবায়নযোগ্য জ্বালানি নিয়ে পশ্চিমে অনেক কাজ হচ্ছে। এ দেশে সরকার কিছু করুক না করুক, জনগণ নিজ উদ্যোগেই সোলার প্যানেল নিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক বদরুল ইমাম, এম এম আকাশ। বক্তৃতা অনুষ্ঠানের শেষ পর্বে ছিল প্রশ্নোত্তরপর্ব। সেখানে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাজিদ কামাল।