জ্যাকব ছিলেন মুক্তিযুদ্ধের বন্ধু, মুক্তিযোদ্ধাদের বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব ছিলেন বাংলাদেশের বন্ধু। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের বন্ধু, মুক্তিযোদ্ধাদের বন্ধু। তাঁর কারণেই বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল। যত দিন বাংলাদেশ থাকবে তত দিন এখানকার মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। আজ বুধবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ইস্টার্ন আর্মি কমান্ডের চিফ অব স্টাফ ছিলেন জ্যাকব। তাঁর কৌশল ও বুদ্ধিমত্তায় ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হন। ‘সারেন্ডার অ্যাট ঢাকা’ নামের একটি বই লিখেছেন তিনি। গত ১৩ জানুয়ারি তিনি মারা যান। তাঁর স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা নুরুন নবী খান বীর বিক্রম বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর এডিসি ছিলাম। ওসমানীর সঙ্গে অনেকবারই জেনারেল জ্যাকবের বৈঠক হয়েছে। ওসমানী সাহেব গাড়িতে করে ফেরার সময় আমাকে এসব গল্প করতেন। একদিন ওসমানী সাহেব আমাকে বলেন, জেনারেল জ্যাকব গেরিলা যুদ্ধের কথা বলছেন। একজন সমরনায়ক হিসেবে তিনি বুঝেছিলেন, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলাযুদ্ধ হবে ভালো পন্থা।’
নুরুন নবী খান বলেন, ‘জেনারেল জ্যাকব সব সময় মুক্তিযোদ্ধাদের ভালোবাসতেন। মুক্তিযুদ্ধের শেষদিকে যখন যৌথ অভিযান শুরু হলো তখন যে সমরকৌশল নেওয়া হয় তাতে তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা দিয়ে বলেছিলেন যৌথ বাহিনী মুক্তিযোদ্ধাদের সহায়তা করবে। জেনারেল জ্যাকব তাঁর বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেন। বাংলাদেশ যত দিন থাকবে তত দিন জ্যাকব থাকবেন মানুষের মনে।’
মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক এ এস এম শামসুল আরেফিন বলেন, ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন জ্যাকব। তিনি যেভাবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ধারণ করতেন সেটি ছিল অতুলনীয়। মৃত্যুর আগপর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা তাঁর সঙ্গে দেখা করতে গেছেন, কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন এমনটা হয়নি।’
বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা জে নন্দা বলেন, জ্যাকব ছিলেন সাহসী সেনা কর্মকর্তা। তিনি পরিকল্পনা করে সেটি বাস্তবায়নে সর্বোচ্চ ঝুঁকি নিতে পারতেন। এমন সাহসী সেনার কখনো মৃত্যু হয় না।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অবশ্যম্ভাবী ছিল। তবে ভারতীয় বাহিনী না থাকলে নয় মাসে বাংলাদেশ স্বাধীন হতো না। আর একাত্তরের ডিসেম্বরে আন্তর্জাতিক যেসব ঘটনা ঘটেছিল তাতে ডিসেম্বরে স্বাধীনতাটা জরুরি ছিল। জ্যাকব সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন।