জ্যাজের সুরে মুখর সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলনায়তনের বাতাসে ‘ধনধান্য পুষ্পভরা’ গানের সুরের অনুরণন। এই সুর ছুঁয়ে গেল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মিলনায়তনে ভর্তি দর্শকের মন। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল শনিবার সন্ধ্যায় এখানে আয়োজন করে ‘দ্য চার্লি পোর্টার কোয়ার্টেট’ গানের দলের জ্যাজ সংগীতের আসর।অনুষ্ঠান শুরুর আগেই মিলনায়তনের দর্শকসারির বেশির ভাগ আসন পূর্ণ হয়েছিল। নেপথ্য থেকে ভেসে আসছিল যন্ত্রসংগীত। একসময় মঞ্চে এসে আগত ব্যক্তিদের স্বাগত জানালেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস।তিনি দলটির পরিচয় তুলে ধরেন। নিউইয়র্ক শহর থেকে এসেছে দলটি। ট্রাম্পেট বাদক চার্লি পোর্টারের নেতৃত্বে পরিচালিত দলটি বিশ্বের বিভিন্ন দেশে ঐতিহ্যবাহী আমেরিকান জ্যাজ সংগীত পরিবেশন করেছে। দলের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন ড্রামেস জন উইকান, কীবোর্ডে অ্যাডাম বার্নবম ও বেস গিটারে স্কট রিচি।শুরুতেই চার্লি পোর্টার সঙ্গীদের নিয়ে বাজালেন ‘ধনধান্য পুষ্পভরা’ গানটির সুর। তাঁদের সুরের আবেশ মুহূর্তেই বদলে দিল মিলনায়তনের পরিবেশ। তাঁদের অনুরোধে শ্রেতারাও গাইলেন গানটির কয়েকটি লাইন সমবেত কণ্ঠে। এরপর চলল একের পর এক জ্যাজ সংগীত। দর্শক আবিষ্ট হলেন জ্যাজের সুরলহরিতে।দুরবিন রকার্স হান্টের পুরস্কার বিতরণরাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল বিকেলে ছিল ব্যান্ডদল দুরবিনের আয়োজনে ‘দুরবিন রকার্স হান্ট’-এর বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। তরুণ প্রজন্মের শিল্পীরা এসেছিলেন গিটার সঙ্গে নিয়ে। গানে, আড্ডায় জমিয়ে তুলেছিলেন পরিবেশ।নতুন ব্যান্ডদল ও শিল্পী খোঁজার এই প্রতিযোগিতা শুরু হয়েছিল গত এপ্রিল মাসে। প্রথমবারের মতো আয়োজিত এই রক গানের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে রংপুরের ব্যান্ড ফ্রেড। এরপর শীর্ষ চারে আছে স্যাটার্ন, তীরন্দাজ, ব্যাতিক্রম ও স্পর্শময়। বিজয়ীদের দেওয়া হয় সনদ ও ক্রেস্ট। এ ছাড়া দুরবিনের পক্ষ থেকে প্রথম স্থান অধিকারী ব্যান্ড দলকে একটি একক অ্যালবাম ও বাকি শীর্ষ চারটি ব্যান্ড দলকে নিয়ে একটি মিশ্র অ্যালবামের ব্যবস্থা করা হবে। গতকাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী বাপ্পা মজুমদার ও তপু। দুরবিনের দলনেতা শহীদ বলেন, প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মূলত নতুন ব্যান্ড শিল্পীদের খুঁজে বের করার জন্য। অনুষ্ঠানে বাপ্পা মজুমদার ‘আজ তোমার মন খারাপ মেয়ে’ এবং তপু ‘এক পায়ে নূপুর’ গানটি গেয়ে শোনান। শেষে বিজয়ী দল ও দুরবিনের সদস্যরা গান গেয়ে শোনান।গানের দল ভাওয়াইয়ার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীগতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গানের দল ‘ভাওয়াইয়া’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিল আলোচনা ও সংগীতানুষ্ঠান।সংগঠনের পরিচালক শফিউল আলমের কণ্ঠে জনপ্রিয় ভাওয়াইয়া ‘ও মোর কালারে’ দিয়ে গানের পালা শুরু। এরপর উত্তরের সুর চলচ্চিত্রে গাওয়া ‘মুই বাজান, মোর সাধের দোতারা’ গানটিও পরিবেশন করেন তিনি। দলের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন কছিমউদ্দীনের বিখ্যাত ভাওয়াইয়া গান ‘তুই কেনে ডাকিলু নিশা রাইতেরে মুরগা’ এবং নুরুল ইসলাম জাহিদের ‘তুই বড় রসিয়া’ গানটি। এরপর গান গেয়ে শোনান ফাহমিদা আলম, আবুল কালাম আজাদ, জাকী মো. আহসান হাবিব, রিতা রাণী সাহা, আমিনুল ইসলাম, প্রদীপ কুমার দেব শর্মা প্রমুখ। অনুষ্ঠানে শফিউল আলমের গানের সঙ্গে কবিরুল ইসলামের পরিচালনায় নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের নৃত্য পরিবেশনা সবার মন কাড়ে।অনুষ্ঠানের শুরুতে আলোচনাপর্বে আলোচক ছিলেন সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ ও মানজারুল ইসলাম।