জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে ড. কামালের মতবিনিময়
সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান সমুন্নত রাখা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও মৌলিক অধিকার রক্ষা আইনজীবীদের শত বছরের ঐতিহ্য। গতকাল বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রায় ঘণ্টাব্যাপী ওই রুদ্ধদার বৈঠকটি চলে।
ড. কামাল হোসেন বলেন, ‘সুপ্রিম কোর্টের কার্যক্রম আরও কীভাবে উন্নত করা যায়, এগুলোর ব্যাপারে সবার পরামর্শ একে অন্যকে দিতে পারি। এর মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হতে পারে, সেগুলো নতুন প্রধান বিচারপতিকে দেব। তিনি ১৭ জানুয়ারি দায়িত্ব নেবেন। সংবিধান সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন রক্ষা করা—এই চার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য আছে।’
বৈঠকে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সমিতির সাবেক সভাপতি রোকন উদ্দিন মাহমুদ, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রমুখ।