সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী অনামিকা দাসের (২২) মৃত্যুর জন্য তিনি দায়ী বলে পরিবার ও সহপাঠীরা অভিযোগ করেন। গত শনিবার সকালে পিটিআইয়ের আবাসিক হোস্টেলের নিজ কক্ষ থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনামিকার লাশ উদ্ধার করা হয়। তিনি ছাতক উপজেলার বাউশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই কর্মকর্তাকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার এবং তাঁর শাস্তির দাবিতে গতকাল রোববার শহরের আলফাত স্কয়ার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পিটিআই প্রশিক্ষণার্থী ও ছাতক উপজেলার শিক্ষকেরা। স্মারকলিপি দেওয়া হয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ছাতকের স্থানীয় সাংসদের কাছে। ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অনামিকার ছোট বোন পিটিআই প্রশিক্ষাণার্থী দীপিকা দাস অভিযোগ করেন, ওই কর্মকর্তা প্রায়ই তাঁর বোনকে উত্ত্যক্ত করতেন। কুপ্রস্তাবও দিতেন মাঝেমধ্যে। অভিযোগ অস্বীকার করে ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘অনামিকা ঘটনার আগের দিন (শুক্রবার) সন্ধ্যায় বাইরে যেতে চেয়েছিল। আমি নিষেধ করে একটু শাসন করেছিলাম। এটা আমি অনেককেই করি।’