জ্যেষ্ঠ চিকিৎসকদের পদ দখল করে আছেন কনিষ্ঠরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য অধিদপ্তর খুরশীদ জাহানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের আবাসিক সার্জন পদে পদায়ন করেছিল পাঁচ মাস আগে। পঞ্চম গ্রেডের কর্মকর্তা খুরশীদকে চেয়ারে বসতে দেননি হাসপাতালের উপপরিচালক। এর মধ্যেই ১৭ এপ্রিল খুরশীদকে নবম গ্রেডে নামিয়ে দিয়েছে অধিদপ্তর।সরকারি হাসপাতালগুলোতে খুরশীদ জাহানের মতো জ্যেষ্ঠ চিকিৎসকদের একটি অংশ কাজে যোগ দিতে পারছে না। জ্যেষ্ঠ চিকিৎসকদের অন্য অংশটিকে পদায়ন করা হয়নি। তাঁরা নতুন স্কেলে বেতনও পাচ্ছেন না। ১৯৯৪ সাল থেকেই অষ্টম, নবম ও দশম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের জ্যেষ্ঠতা পাওয়ার কথা ছিল। তাঁরা সিনিয়র স্কেল পেয়েছেন গত বছরের জুনে। বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন সূত্র বলছে, এ রকম সংকটে আছেন প্রায় ৫০০ চিকিৎসক।২০০৫ সালের ২২ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আবাসিক সার্জন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা, পরামর্শক এসব পদে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠতা পাওয়া কর্মকর্তারা।অ্যাসোসিয়েশনের সমন্বয়ক সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক সেলিম রেজা প্রথম আলোকে বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ পদে কাজ করার প্রথম ও প্রধান শর্ত হলো জ্যেষ্ঠতা পাওয়া (সিনিয়র স্কেল)। কিন্তু যে দল যখন ক্ষমতায় যায়, সে দল হাসপাতালে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বশংবদ লোকজন দিয়ে চেয়ারগুলো দখল করে রাখে।’স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ জুনিয়র কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জনের পদে বসে আছেন। এ ছাড়া আবাসিক সার্জন ক্যাজুয়ালটি, আবাসিক সার্জন (স্ত্রীরোগ ও প্রসূতি) ও আবাসিক সার্জন (মেডিসিন) বিভাগেও জুনিয়র কর্মকর্তারা কাজ করছেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও জেনারেল, চক্ষু, নাক কান গলা, ক্যাজুয়ালটি, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে আবাসিক সার্জন হিসেবে ২০তম বিসিএস থেকে ২৭তম বিসিএসে উত্তীর্ণ ব্যক্তিরা কাজ করছেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচটি, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চারটি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছয়টি, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচটি পদে কনিষ্ঠ চিকিৎসকেরা দায়িত্বে আছেন। এ ছাড়া জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য নির্ধারিত অন্যান্য পদেও রয়েছেন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ হননি এমন কর্মকর্তারা।খুরশীদ জাহান প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর গত ১০ নভেম্বর তাঁকে মিটফোর্ড হাসপাতালে আবাসিক সার্জন হিসেবে পদায়ন করে প্রতিমা রাণী বিশ্বাসের জায়গায়। ১১ নভেম্বর তিনি কাজে যোগ দিতে যান। কিন্তু হাসপাতালের পরিচালক ও উপপরিচালক যোগ দিতে দেননি। ১৫ দিন পর তিনি পরিচালক বরাবর চিঠি দেন, তাতেও কাজ হয়নি।কাগজপত্রে দেখা যায়, হাসপাতালের উপপরিচালক আবুল হাসেম খান প্রতিমা রাণী বিশ্বাসকে আবাসিক সার্জন পদে বহাল রাখার জন্য তদবির করে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছেন। অধিদপ্তর প্রতিমাকে আবাসিক সার্জন পদে পদায়ন না করায় আবুল হাসেম অন্য চিকিৎসক রত্না পালের পক্ষে তদবির করতে থাকেন। ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ রত্নাকে ১৭ এপ্রিল আবাসিক সার্জন হিসেবে অধিদপ্তর পদায়ন করে। খুরশীদ ১৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ। একই আদেশে খুরশীদ জাহানকে মিটফোর্ড হাসপাতালের মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে নবম গ্রেডের মেডিকেল কর্মকর্তার পদে পদায়ন করা হয়। ১৮ বছর চাকরি করার পর তাঁকে নবম গ্রেড বা ভিত্তি পদে নামিয়ে দিয়েছে অধিদপ্তর। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গেরও কোনো অভিযোগ নেই।জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সাইফুল ইসলাম বলেন, এমন ঘটনা তাঁর জানা নেই।এ বিষয়ে আবুল হাসেম বলেন, প্রতিষ্ঠান চাইলে যোগ্য যেকোনো ব্যক্তিকে আবাসিক সার্জন পদে রাখার জন্য সুপারিশ করতে পারে।