সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল
জ্যেষ্ঠ চিকিৎসকের ৬২ ভাগই চলতি দায়িত্বে, সেবা ব্যাহত
চলতি দায়িত্বে থাকা চিকিৎসক দিয়ে চলছে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। এখানে বেশ কয়েকটি জ্যেষ্ঠ চিকিৎসকের পদও শূন্য রয়েছে। ফলে শিক্ষার্থীদের পাঠদান ছাড়াও চিকিৎসা কাজে ব্যাঘাত ঘটছে। অকেজো হওয়ার উপক্রম হয়েছে হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যাপকের পদ আছে ৩১টি। এর মধ্যে ১১টি পদে চলতি দায়িত্ব পালন করছেন সহযোগী অধ্যাপকেরা। অধ্যাপকের পদ শূন্য আছে সাতটি। সহযোগী অধ্যাপকের পদ আছে ৫১টি। চলতি দায়িত্ব পালন করছেন ৩০ জন সহকারী অধ্যাপক। খালি আছে ১৬টি পদ। সহকারী অধ্যাপকের ৮৭টি পদের মধ্যে ৬৪ পদেই দায়িত্ব পালন করছেন নবীন চিকিৎসকেরা। এখানে পদ শূন্য আছে আটটি। এতে দেখা গেছে, অধ্যাপকের পদে চলতি দায়িত্ব পালন করছে শতকরা ৩৫ দশমিক ৪৮ ভাগ, সহযোগী অধ্যাপক পদে ৫৮ দশমিক ৮২ ভাগ ও সহকারী অধ্যাপক পদে ৭৩ দশমিক ৫৬ ভাগ। মোট ১৬৯ জন চিকিৎসকের মধ্যে চলতি দায়িত্ব পালন করছে ৬২ দশমিক ১৩ ভাগ। মোট চিকিৎসকের পদ শূন্য আছে ১৮ দশমিক ৩৪ ভাগ। সার্জারি বিভাগে দুটি অধ্যাপক ও একটি সহযোগী অধ্যাপকের পদ শূন্য আছে। অধ্যাপকের একটি পদ গত ৩০ জুন শূন্য হয় এবং অপর একটি পদে কর্মরত চিকিৎসককে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। চক্ষু বিভাগের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের পদ দুটি প্রায় ১০ থেকে ১১ মাস ধরে খালি পড়ে আছে। অভিযোগ উঠেছে দলীয় লোক না পাওয়ায় সেখানে কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। গতকাল মঙ্গলবার দুপুরে মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগে গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডে কোনো রোগী ভর্তি না থাকায় ওয়ার্ডটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। নারী ওয়ার্ডে পান্না বেগম নামে একজন রোগী দেখা গেছে। তিনি জানান, গতকালই ভর্তি হয়েছেন। সেখানে কর্মরত একজন কর্মচারী জানান, ঈদের ছুটির কারণে রোগীর সংখ্যা এখন কম। মিটফোর্ড হাসপাতালে জ্যেষ্ঠ চিকিৎসকের পদ খালি থাকার ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত উপপরিচালক আবুল হাসেম খান প্রথম আলোকে বলেন, এসব পদ খালি থাকায় রোগীর চিকিৎসায় ব্যাঘাত ঘটছে এবং তাঁদের মূল্যবান যন্ত্রপাতি অকেজো হওয়ার উপক্রম হয়ে পড়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ আজহার প্রথম আলোকে বলেন, চিকিৎসকদের পদ শূন্যের বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীসহ সবাই অবগত আছেন। চলতি দায়িত্বে থাকা চিকিৎসকদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না। ফলে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক পদে নিয়মিত চিকিৎসক পদে নতুন করে নিয়োগও দেওয়া যাচ্ছে না। যাঁরা পদোন্নতি পাওয়ার যোগ্য, তাঁদের সরকারের পক্ষ থেকে একধাপ পদোন্নতির মাধ্যমে চলতি দায়িত্বে দেওয়া হয়েছে। তবে এ অবস্থা বেশি দিন চলতে থাকলে দেশে ভয়াবহ বিশেষজ্ঞ চিকিৎসক সংকট দেখা দেবে।