নিজ সংগঠনের কর্মীদের কাছে ‘অবাঞ্ছিত’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মামুনুল হক ক্যাম্পাসছাড়া সাত মাস। দেড় বছর আগে বিয়ে করে সংসারী সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী। দুই সহসভাপতি চাকরি নিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। এক সহসভাপতির চাকরি হয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় (এনএসআই)। আরেক সহসভাপতি পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে চাকরি পেয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রায় সব জ্যেষ্ঠ নেতাই চাকরি কিংবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন।
অনুসন্ধানে দেখা যায়, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পর্যায়ের প্রায় সব নেতার নিয়মিত ছাত্রত্ব নেই। অল্প কয়েকজন জ্যেষ্ঠ নেতা ছাড়া আর কেউ ক্যাম্পাসে আসেন না।
জ্যেষ্ঠ নেতাদের ক্যাম্পাসে না আসার সুযোগে অন্যরা বেপরোয়া হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা ক্যাম্পাসে ছিনতাই, চাঁদাবাজি, শিক্ষকদের মারধর, নিয়োগ ও ভর্তি বাণিজ্য, শ্রেণীকক্ষে তালা দেওয়া, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, শাটল ট্রেনের বগি দখলসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ও কর্মচারীদের মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্রমতে, সরকারদলীয় ছাত্রসংগঠনের নেতা-কর্মী হওয়ায় এসব ঘটনায় তাঁদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থাও নিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের নাম ভাঙিয়ে সাম্প্রতিক কালে কারা কারা অপরাধ করছে, তাদের নাম আমাদের কাছে আছে।’ সাংবাদিকদের হুমকিদাতাদের ব্যাপারে তিনি বলেন, ‘এসব করে তাঁরা নিজেদেরই ক্ষতি করছেন। ভবিষ্যতে এসব ঘটনার সঙ্গে জড়িতদের বাদ দিয়েই বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি গঠিত হবে।’
২০১১ সালের ২৫ জুন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি গঠিত ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। এর আট মাস পর ২১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এক বছর মেয়াদি এই কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় দেড় বছর আগে। কমিটি গঠন হওয়ার পর থেকে কয়েকভাবে বিভক্ত হয়ে পড়েন সংগঠনটির নেতা-কর্মীরা। কমিটি গঠনের পর দুই বছরে প্রায় ৮০ বার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় বিভক্ত পক্ষগুলো।
এ কমিটিতে ৩৯ জন সহসভাপতি, ১৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। সংগঠনটির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জ্যেষ্ঠ নেতাদের মধ্যে চারজন সহসভাপতি, দুজন যুগ্ম সাধারণ সম্পাদক ও দুজন সাংগঠনিক সম্পাদক নিয়মিত ক্যাম্পাসে এলেও অন্যরা কেউ ক্যাম্পাসে আসেন না।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বলেন, ‘অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ব্যাপারে সংগঠন আগেও ব্যবস্থা নিয়েছে, ভবিষ্যতেও নেবে।’ জ্যেষ্ঠ নেতাদের ক্যাম্পাসে না আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকের পড়ালেখা শেষ, কেউ কেউ চাকরি করছেন, তাই আসতে পারছেন না।’ তিনি নিজেও অনিয়মিত হয়ে পড়েছেন বলে স্বীকার করেন।