ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় গতকাল রোববার আদালতে একজন জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও চার পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। পরে আদালত ১৬ মে মামলার পরবর্তী দিন ধার্য করেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্যে চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতি রোধ করে সন্ত্রাসীরা। এরপর কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে তাঁকে হত্যা করে সন্ত্রাসীরা।
ফেনীর জজ আদালতের সরকারি কৌঁসুলি হাফেজ আহাম্মদ বলেন, জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে একরাম হত্যা মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জালাল উদ্দিন সাক্ষ্য দেন। এই মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছিলেন তিনি (ফেনী আদালত থেকে বদিল হয়ে এখন অন্য আদালতে)। এ ছাড়া একরাম হত্যার ঘটনায় মামলা গ্রহণ ও রেকর্ড করেন ফেনী সদর মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ। গতকাল তিনিও আদালতে সাক্ষ্য দেন।
সরকারি কৌঁসুলি বলেন, মামলার আসামিদের যাচাইকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব আলম সরকার ও সহিদুল ইসলাম সাক্ষ্য দেন।
আদালত সূত্র জানায়, একরাম হত্যা মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এই মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৫ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জন কারাগারে, ২১ জন জামিনে রয়েছেন। পলাতক রয়েছেন ১১ জন।
গতকাল আসামিপক্ষে সাক্ষীদের জেরা করেন আইনজীবী কামরুল হাসান, মেজবাহ উদ্দিন খান, আহসান কবীর, সাহাব উদ্দিন।