জ্যেষ্ঠ মার্কিন উপদেষ্টা জুডিথ আজ ঢাকায় আসছেন
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মিয়ানমারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা জুডিথ বেথ সেফকিন দুই দিনের সফরে আজ রোববার সকালে ঢাকায় আসছেন। এ সফরের সময় তিনি রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনসহ মিয়ানমারের পরিস্থিতি নিয়ে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশ সফর শেষ করে তাঁর মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।
ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মিয়ানমারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে বাংলাদেশ ও মিয়ানমারে তাঁর প্রথম সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঢাকায় অবস্থানের সময় জুডিথ সেফকিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আলোচনা করবেন।