দিনাজপুরের হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের নেতারা।বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই অভিজ্ঞ ও জ্যেষ্ঠ কোনো শিক্ষককে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে বর্তমান উপাচার্যের মেয়াদের মধ্যে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বন্ধেরও দাবি করেছেন তাঁরা।গত বৃহস্পতিবার সকালে প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে (ভিআইপি) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য মো. রুহুল আমিন। শতাধিক শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। পরে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এসব সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়। প্রগতিশীল শিক্ষক ফোরামের নেতারা জানান, আগামী ২ সেপ্টেম্বর বর্তমান উপাচার্য এম আফজাল হোসেনের মেয়াদ শেষ হবে। তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি।বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহাদাৎ হোসেন খান প্রথম আলোকে বলেন, ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে উপাচার্য হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা কেবল চাকরি করে গেছেন। এর ফলে হাবিপ্রবির হল, বাস, শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, শিক্ষা ও গবেষণা খাতের কোনো উন্নয়ন হয়নি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলরাম রায় প্রথম আলোকে জানান, তিনি নিজেই প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক। ফোরামের সাধারণ সভার সিদ্ধান্ত উপাচার্যকে তিনি জানিয়েছেন।উপাচার্যের মন্তব্য জানতে গতকাল একাধিকবার তাঁর মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।