জ্যেষ্ঠ শিক্ষকের ৪৭ পদই শূন্য, শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের তিনটি পদই দীর্ঘদিন ধরে শূন্য। ফার্মাকোলজি বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নেই। ট্রান্সফিউশন মেডিসিন বিভাগেও অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের পদ শূন্য। একই অবস্থা বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগেও। এ অবস্থায় প্রভাষকদের দিয়েই বিভিন্ন বিভাগের পাঠদান চলছে। এতে কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিষ্ঠানটির ৭০১ জন শিক্ষার্থী।

১৯৯২ সালে চালু এ কলেজে এ পর্যন্ত ৩৪টি বিভাগে ১৪৭টি শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র ৯৪ জন। পদ শূন্য ৫৩টি। এসব শূন্য পদের বেশির ভাগই অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের। জ্যেষ্ঠ শিক্ষকের ১০৮টি পদের মধ্যে ৪৭টিই শূন্য।

কলেজ সূত্র জানায়, অধ্যাপকের ২৪টি পদের মধ্যে ১৫টি, সহযোগী অধ্যাপকের ৩৫ পদের মধ্যে ১০, সহকারী অধ্যাপকের ৪৯ পদের মধ্যে ২২ ও প্রভাষকের ৩১ পদের মধ্যে ছয়টি পদ শূন্য রয়েছে। বাকি পদগুলোর মধ্যে একজন অধ্যক্ষ, একজন উপাধ্যক্ষ, দুজন কিউরেটর, দুজন প্যাথলজিস্ট এবং একজন করে বায়োকেমিস্ট ও ফার্মাসিস্ট হিসেবে আছেন।

সূত্রটি জানায়, সার্জারি বিভাগ, অ্যানাটমি, ফার্মাকোলজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, গাইনি, শিশু, অর্থোসার্জারি, চর্ম ও যৌন, কার্ডিওলজি, সাইকিয়াট্রি, ট্রান্সফিউশন মেডিসিন, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে একটি করে অধ্যাপকের পদ শূন্য রয়েছে। অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিত্সক না থাকায় কলেজের সংশ্লিষ্ট বিষয়গুলোতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি খোলা যাচ্ছে না।

কলেজের একজন জ্যেষ্ঠ শিক্ষক বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে অ্যানাটমি বিভাগের অধ্যাপক মেহেরুন্নেছা চাকরি থেকে অবসরে যান। সেই থেকে ওই বিভাগে কোনো অধ্যাপক নেই। তারও আগ থেকে নেই সহযোগী ও সহকারী অধ্যাপক।

ফরেনসিক মেডিসিন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদ মিলিয়ে মোট ছয়টি পদরয়েছে। বর্তমানে বিভাগটিতে একজন সহযোগী অধ্যাপক ও দুজন প্রভাষক রয়েছেন। শূন্য রয়েছে অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের একটি করে পদ। ক্লাসের বাইরেও প্রতিদিন বিভাগের শিক্ষকদের ময়নাতদন্ত ও ধর্ষণের রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। এটা করতে গিয়ে হিমশিম খেতে হয় বিভাগের শিক্ষকদের।

সম্প্রতি কলেজের অন্তত ১০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, কলেজে ৩৪টি বিভাগ রয়েছে। এর মধ্যে ২৪টি বিভাগে অধ্যাপকের পদ রয়েছে। অন্য বিভাগগুলোতে পদই সৃষ্টি করা হয়নি। সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের পদও কম। শিক্ষকস্বল্পতায় তাঁদের পাঠদানে মারাত্মক সমস্যা হচ্ছে।

শিক্ষকস্বল্পতার বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মহসিন উজ জামান চৌধুরী বলেন, ‘বর্তমানে বাধ্য হয়ে কিছু বিষয়ে বাইরে থেকে লোক এনে পাঠদান চালাচ্ছি। প্রতি মাসে সিনিয়র শিক্ষকদের স্বল্পতার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আকারে জানানো হচ্ছে। সরকার লোক দিলেই পদ পূরণ হবে।’