জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে স্টেনোগ্রাফার পদ সৃষ্টি করতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি জ্যেষ্ঠ সহকারী জজ বা সহকারী জজ আদালতের জন্য একটি করে স্টেনোগ্রাফার পদ (শাটলিপিকার) সৃজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে অধস্তন আদালতগুলোতে প্রায় ৯ লাখ ৬৮ হাজার ২২টি দেওয়ানি মামলা বিচারাধীন। এসব মামলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংখ্যক মামলা জ্যেষ্ঠ সহকারী জজ বা সহকারী জজ আদালতে বিচারাধীন।

এসব মামলা দ্রুততার সঙ্গে নিষ্পত্তি না হওয়ায় বিচারপ্রার্থী জনগণ সহজে এবং দ্রুততার সঙ্গে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট থেকে এই চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
চিঠিতে আরও বলা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে দেওয়ানি বিচারব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারক জ্যেষ্ঠ সহকারী জজ বা সহকারী জজ আদালতের কোনো স্টেনোগ্রাফার নাই। ফলে ওই আদালতসমূহের বিচারকগণকে নিজ নিজ আদালতের বিচারিক কাজের পাশাপাশি মামলার রায় ও আদেশসহ গুরুত্বপূর্ণ সব কাজ নিজ হাতে লিখতে হয়। সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করাসহ মামলার রায় বা আদেশ নিজ হাতে লিখতে তাঁদের কর্ম সময়ের একটি বিরাট অংশ ব্যয় হয়। যদি ওই আদালতগুলোতে একটি করে স্টেনোগ্রাফার পদ সৃজন করা হয়, তবে সংশ্লিষ্ট বিচারক তাঁর পূর্ণাঙ্গ কর্মসময় বিচারিক কাজে ব্যয় করে আরও অধিক সংখ্যক মামলা নিষ্পত্তি করতে সমর্থ হবেন। এবং দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির ফলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।’

চিঠির শুরুতে বলা হয়, ‘আদিষ্ট হয়ে জানাচ্ছি যে মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা মতে বিচারবিভাগের বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যার অনেকগুলো বর্তমানে চলমান আছে এবং বিচারপ্রার্থী জনগণ এসব সংস্কারমূলক কার্যক্রমের সুফল পাচ্ছে।’

জানতে চাইলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান প্রথম আলোকে বলেন, ‘কাজের প্রকৃতির কারণেই যেকোনো বিচারকের জন্য একজন স্টেনোগ্রাফার অপরিহার্য। তাঁদের নোট ও ডিকটেশন নিতে হয়। বিশ্বের বিভিন্ন দেশেই এই বিধান আছে। আমাদের দেশে ম্যাজিস্ট্রেটদের জন্য থাকলেও দেওয়ানি আদালতে স্টেনোগ্রাফার নেই। স্টেনোগ্রাফারের ব্যবস্থা করা হলে কাজে আরও গতিশীলতা আসবে।’