জ্যেষ্ঠতা নিয়ে তর্কের জেরে খেলার সাথিকে খুন
তেজগাঁওয়ে খেলার সাথি এক কিশোরকে হত্যার দায় শিকার করেছে গ্রেপ্তার দুই কিশোরসহ তিনজন। গতকাল বৃহস্পতিবার তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তার তিনজনের একজনকে কারাগারে এবং অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরকে গাজীপুরের জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে তেজগাঁওয়ের তেজকুনিপাড়া খেলাঘর মাঠের সামনের সড়কে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় আবদুল আজিজ নামের এক কিশোর। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই এর সঙ্গে জড়িত সন্দেহে সায়মন (১৮) নামের এক তরুণ ও দুই কিশোরকে আটক করে পুলিশ। পরে নিহত আজিজের মা শরিফা বেগম আটক তিনজনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাদের এই মামলায় গ্রেপ্তার দেখায়।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) দিদার হোসেন বলেন, তিনজনকে গতকাল আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে। সায়মন তাঁর জবানবন্দিতে আজিজকে চাকু দিয়ে আঘাত এবং অন্য দুই কিশোর আজিজকে মারধরের কথা জানিয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও ক্রিকেট খেলার একটি ব্যাট উদ্ধার করা হয়েছে। খেলার মাঠে কে ছোট কে বড় তা নিয়ে কলহ ও মারামারির একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে।
আজিজের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়। ছোট দুই ভাই ও মা-বাবার সঙ্গে তেজকুনিপাড়ার রেল কলোনিতে একটি ঘরে থাকত আজিজ। বাবা বাছির মিয়া ফুটপাতে আচার বিক্রি করেন, মা শরিফা বেগম বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। অভাবের সংসারে হাল ধরতে স্থানীয় একটি যানবাহন মেরামতের কারখানায় কাজ করত আজিজ। সেখান থেকে দিনে ৫০০-৬০০ টাকা আয় হতো তার।
গতকাল সকালে রেল কলোনিতে গিয়ে দেখা গেছে, বড় ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন আজিজের মা। প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। ময়নাতদন্ত শেষে দুপুরে আজিজের লাশ হস্তান্তর করা হয়। ময়নাতদন্তকারী চিকিৎসকেরা জানান, আজিজের মাথার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া ডান পাশের চোখের ওপর, গলার ডানে, বুকের বাঁ পাশে, কনুইয়ের নিচে ও পিঠে জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ তার মৃত্যুর কারণ। তার বয়স আনুমানিক ১৬ বছর।