জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কর্মচারীদের প্লট বরাদ্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আবাসিক এলাকায় কর্মচারীদের প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আবারও অনিয়মের অভিযোগ উঠেছে। এবার কর্মচারীদের প্লট বরাদ্দ দেওয়া হয়েছে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে। এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সিডিএর অনন্যা আবাসিক এলাকায় কর্মচারীদের ৫০টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিডিএর সম্মেলনকক্ষে প্লট বরাদ্দপ্রাপ্ত কর্মচারীদের হাতে চাহিদাপত্র তুলে দেন চেয়ারম্যান আবদুচ ছালাম। এই দিন আরও দুই কর্মকর্তাকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক প্লটের আয়তন আড়াই কাঠা।
সিডিএর কর্মচারীরা অভিযোগ করেছেন, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বিশেষ ক্ষমতাবলে তাঁর ঘনিষ্ঠ পাঁচ কর্মচারীকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্লট বরাদ্দ দিয়েছেন।
সিডিএ সূত্র জানায়, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সিডিএ কর্মচারী লীগের (একাংশ) সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নকশাবিদ স্বপন ভৌমিক, ইমারত পরিদর্শক আব্দুর রশিদ, চেইনম্যান মইনুল হোসেন খান এবং মোহাম্মদ আলমগীরকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
সিডিএ কর্মচারী লীগের (একাংশ) সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান মহোদয় বিশেষ ক্ষমতাবলে আমাদের পাঁচজনকে প্লট বরাদ্দ দিয়েছেন। অন্য চেয়ারম্যানদের তুলনায় বর্তমান চেয়ারম্যান অনেক কম প্লট বরাদ্দ দিয়েছেন।’
সিডিএ কর্মচারী লীগের (অপর অংশ) সাধারণ সম্পাদক ও সিডিএ থেকে বরখাস্তকৃত হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের নিয়মনীতি মানা হয়নি; বরং সিডিএর ৩৮৪তম বোর্ড সভার সিদ্ধান্ত লঙ্ঘন করা হয়েছে। জ্যেষ্ঠতা না মেনে চেয়ারম্যান তাঁর পছন্দের কর্মচারীদের প্লট বরাদ্দ দিয়েছেন।’
এ প্রসঙ্গে সিডিএর সচিব তাহেরা ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘সরকারি নিয়মনীতি ও প্লট বরাদ্দের নীতিমালা মেনে কর্মচারীদের প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।’
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘সরকারি নিয়ম অনুসরণ করে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।’