জ্যেষ্ঠদের বাদ দিয়ে কনিষ্ঠদের পদোন্নতি হয়নি: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

জনপ্রশাসনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপেক্ষা করে কনিষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়নি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ মঙ্গলবার স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নীতিমালার আলোকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে পদোন্নতি দেওয়া হয়ে থাকে।
মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, উপসচিব ও তদূর্ধ্ব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি প্রদানের জন্য পরীক্ষার প্রথা চালুর আপাতত কোনো পরিকল্পনা নেই। উপসচিব ও তদূর্ধ্ব পদে পদোন্নতির জন্য বিদ্যমান ‘সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা ২০০২’ সংশোধনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 
সরকারি দলের গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী বলেন, সরকার চুক্তিভিত্তিক নিয়োগকে নিরুৎসাহিত করে। তবে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। বিশেষায়িত পদে এবং যেসব সংস্থায় কারিগরি জ্ঞানসম্পন্ন জনবলের সংকট রয়েছে, যেসব সংস্থায় উপযুক্ত সামরিক, বেসামরিক ও বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিবর্গকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়ে থাকে। 
সরকারি দলের মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা বৃদ্ধির বাড়ানোর পরিকল্পনা আপাতত সরকারের নেই। 
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।