জ্যোতি বসু স্মৃতি গ্রন্থাগারে জ্ঞানপিপাসুদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর পৈতৃক ভিটা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে। এখানে বাংলাদেশ সরকারের নির্মিত জ্যোতি বসু মেমোরিয়াল লাইব্রেরিতে জ্ঞানপিপাসুদের ভিড় ক্রমেই বাড়ছে।গত ১ জুলাই গ্রন্থাগারটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। ২৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই গ্রন্থাগারের উদ্বোধন করবেন। জ্যোতি বসুর জন্ম কলকাতায়। তবে তাঁর পূর্বপুরুষের বসতভিটা রয়েছে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে। জ্যোতি বসুর পৈতৃক বাড়ি দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ইউসুফ আলী বলেন, বাল্যকালে জ্যোতি বসু অনেক দিন এ গ্রামে কাটিয়েছেন। ১৯৮৭ সালের ৩০ জানুয়ারি এবং সর্বশেষ ১৯৯৭ সালের ১১ নভেম্বর তিনি পৈতৃক বাড়িতে আসেন।২০১০ সালে জ্যোতি বসুর মৃত্যুর পর তাঁর স্মৃতি ধরে রাখতে বারদীতে একটি গ্রন্থাগার করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১১ সালের ৪ আগস্ট নারায়ণগঞ্জ জেলা পরিষদ এক কোটি ৪৭ লাখ টাকা ব্যয় ধরে গ্রন্থাগারের নির্মাণকাজ শুরু করে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবদুস সামাদ জানান, তিন মাস আগে গ্রন্থাগারের নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়। দোতলা পাঠাগার ভবনের প্রথম তলায় পাঠাগারকক্ষ, মহাফেজখানা ও শৌচাগার রয়েছে। দ্বিতীয় তলায় করা হয়েছে জাদুঘর ও সেমিনার হল। গ্রন্থাগারে কয়েক হাজার বই রাখা হয়েছে। যেকোনো ব্যক্তি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রন্থাগার ও জাদুঘর পরিদর্শন ও বই পড়তে পারবে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মুহামঞ্চদ বাহাউল হক বলেন, ‘জ্যোতি বসুর স্মৃতি রক্ষায় পাঠাগার নির্মাণের দাবি প্রথমে আমরা করেছিলাম। পাঠাগারে বইপ্রেমীদের ভিড় বাড়ায় আমরা গর্বিত।’জ্যোতি বসু মেমোরিয়াল লাইব্রেরির গ্রন্থাগারিক জাহাঙ্গীর আলম বলেন, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও প্রতিদিন প্রচুর মানুষ এসে বই পড়ছে। ঈদুল ফিতরের পর থেকে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।