জ্যোতি বসুকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের কিংবদন্তি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে গতকাল মঙ্গলবার কলকাতায় শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মহাজোট ও ১৪ দলের নেতারা তাঁর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী গতকাল বিকেলেই কলকাতা থেকে দেশে ফিরে আসেন। শেখ হাসিনা কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের লবিতে তৈরি অস্থায়ী মঞ্চে রাখা জ্যোতি বসুর মরদেহে ফুল দেন স্থানীয় সময় বেলা একটা ২৫ মিনিটে। ফুল দেওয়ার পর তিনি মরদেহের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পরাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনুসহ ১৪ দল ও মহাজোটের নেতারা জ্যোতি বসুকে শেষ বিদায় জানান। সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি লিখেন, ‘জ্যোতি বসুর মৃত্যুতে আমরা খুব কাছের এক বন্ধুকে হারালাম।’পরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, বামফ্রন্ট নেতা সীতারাম ইয়াচুরি ও জ্যোতি বসুর ছেলে চন্দন বসু বিধানসভা ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন। শেখ হাসিনা চন্দন বসুকে সান্ত্বনা দেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী গতকাল বিকেল পাঁচটা ২৫ মিনিটে দেশে ফিরেন। খবর বাসস ও ইউএনবির।