জ্যোতি বসুর অভাব কোনো দিন পূরণ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিশিষ্ট বামপন্থী রাজনীতিবিদ জ্যোতি বসু মারা যাওয়ায় বাংলাদেশ এক উত্তম বন্ধুকে হারাল। যাঁর অভাব কোনো দিন পূরণ হবে না। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুবর্ণ গ্রাম ফাউন্ডেশন কার্যালয়ে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। জ্যোতি বসু স্মরণে প্রথম আলো বন্ধুসভার তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল এই স্মরণসভা হয়। সভায় বন্ধুসভার সোনারগাঁ শাখার সভাপতি শাহেদ কায়েসের সভাপত্বিতে বক্তব্য দেন লেখক শামুসুদ্দোহা চৌধুরী, প্রথম আলোর সোনারগাঁ প্রতিনিধি মনিরুজ্জামান, সাপ্তাহিক পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান, সাংবাদিক আল আমিন তুষার, হাসান মাহমুদ, ফজলে রাব্বী, মিজানুর রহমান, খাইরুল আলম প্রমুখ। বক্তারা জ্যোতি বসুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জ্যোতি বসুর স্মৃতি ধরে রাখতে চৌধুরীপাড়া গ্রামে সরকার আধুনিক মানের গ্রন্থাগার প্রতিষ্ঠার যে ঘোষণা দিয়েছে, তা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।জ্যোতি বসু সমাজকল্যাণ পরিষদ সূত্রে জানা যায়, কাল বুধবার সকালে বারদী চৌধুরীপাড়া গ্রামে জ্যোতি বসুর স্মরণে সভা হবে। সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।জ্যোতি বসুর মৃত্যুর খবর শুনে গতকাল শত শত শোকার্ত মানুষ তাঁর পৈতৃক বাড়ি সোনারগাঁয়ের বারদী চৌধুরীপাড়া গ্রামে ভিড় জমায়। এসব মানুষের সঙ্গে দিনভর কথা বলেন স্থানীয় সংগঠন বারদী জ্যোতি বসু সমাজকল্যাণ পরিষদের নেতারা ও জ্যোতি বসুর বাড়ির তত্ত্বাবধায়ক মো. ইউসুফ আলীর পরিবার।