সংসদে শোক প্রস্তাব গ্রহণ
জ্যোতি বসুর মৃত্যুতে অকৃত্রিম বন্ধু হারিয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
উপমহাদেশের কিংবদন্তি কমিউনিস্ট নেতা, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুতে গতকাল রোববার জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। স্পিকার আবদুল হামিদ শোক প্রস্তাবটি উত্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জন সদস্য প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। পরে জ্যোতি বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জ্যোতি বসুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমাদের জন্য শোকের দিন। তাঁর মৃত্যুতে ভারত হারিয়েছে একজন মহান রাজনীতিবিদকে, বাংলাদেশ হারিয়েছে একজন শুভাকাঙ্ক্ষী ও অকৃত্রিম বন্ধুকে এবং ব্যক্তিগতভাবে আমি হারিয়েছি একজন অভিভাবককে। জ্যোতি বসু শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান।’শেখ হাসিনা বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর বন্দী থাকার সময়ের উল্লেখ করে বলেন, ওই সময় শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি দেশে-বিদেশে যোগাযোগ করেছেন। প্রধানমন্ত্রী জানান, নারায়ণগঞ্জে জ্যোতি বসুর রেখে যাওয়া বাড়িটিকে তাঁর ইচ্ছানুসারে একটি লাইব্রেরি করা হবে। এ ছাড়া আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ফজলে রাব্বী, জাতীয় পার্টির এ বি এম রুহুল আমিন হাওলাদার, চিফ হুইপ আবদুস শহীদ, জাসদের হাসানুল হক ইনু ও মঈনউদ্দিন খান বাদল। জ্যোতি বসুর কর্মময় জীবনী তুলে ধরে স্পিকার বলেন, জ্যোতি বসু ছিলেন গণমানুষের নেতা। তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।