জ্যোতি বসুর স্মৃতিধন্য বারদী
জ্যোতি বসুর অসুস্থতার খবরে উদ্বেগ আগেই ছিল। নিত্যদিনের কাজের ফাঁকে, অবসরে কিছুদিন ধরেই ছিল লোকজনের মধ্যে তাঁকে নিয়ে আলোচনা। গতকাল রোববার জ্যোতি বসুর মৃত্যুতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে সেই উদ্বেগ ছাপিয়ে যোগ হয় শোক।জন্মস্থান ভারতের কলকাতা হলেও জ্যোতি বসুর পৈতৃক বাড়ি বারদী ইউনিয়নে। তিনি বারদীবাসীর গর্ব। জ্যোতি বসুর স্মৃতিধন্য বারদীর প্রবীণ ব্যবসায়ী দিলীপ কুমার বলেন, ‘জ্যোতি বসুর মৃত্যুতে আমরা একজন আপনজনকেই হারালাম। তিনি আমাদের গাঁয়ের সন্তানের মতোই। তিনি সবার শ্রদ্ধাভাজন।’জ্যোতি বসুর পৈতৃক বাড়িটি বারদীর চৌধুরীপাড়া গ্রামে। শৈশবে মায়ের কোলে চড়ে তিনি এ গ্রামে এসেছেন; আম, তেঁতুল, তাল, সুপারিগাছের ঘেরাটোপে দোতলা বাড়িটিতে থেকেছেন। এ গ্রামের সঙ্গে জড়িয়ে আছে তাঁর বহু স্মৃতি।বাড়িটি দেখভালের দায়িত্বে আছেন ইউসুফ আলী ও বিল্লাল হোসেন। তাঁরা জানান, জ্যোতি বসু শৈশবে মাঝেমধ্যে এ বাড়িতে আসতেন। বাল্যজীবনের অনেক দিন হেসে-খেলে তিনি কাটিয়েছেন এ গ্রামে। ইউসুফ ও বিল্লাল তাঁদের দাদি আয়েতুন নেছার কাছ থেকে এসব কথা শুনেছেন।ইউসুফ আলী ও বিল্লাল হোসেন জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার আগে শৈশবের স্মৃতি মনে করে জ্যোতি বসু অনেকবার ট্রেন ও লঞ্চযোগে বারদী চৌধুরীপাড়া গ্রামে এসেছেন। ১৯৮৭ সালের ৩০ জানুয়ারি ও সর্বশেষ ১৯৯৭ সালের ১১ নভেম্বর হেলিকপ্টারযোগে তিনি পৈতৃক বাড়িটি পরিদর্শনে আসেন। আয়েতুন নেছার সঙ্গে জ্যোতি বসুর সর্বশেষ দেখা হয়েছিল ১৯৮৭ সালের ৩০ জানুয়ারি। তার দেড় বছর পরই আয়েতুন নেছা মারা যান।ইউসুফ আলী জানান, সর্বশেষ গত ৫ আগস্ট কলকাতার সল্টলেকের ইন্দিরা ভবনে জ্যোতি বসুর সঙ্গে তাঁর সরাসরি দেখা হয়। সে সময় জ্যোতি বসু তাঁর কাছ থেকে বারদীতে বসবাসরত অনেক লোকের খোঁজখবর নেন।ইউসুফ আলী বলেন, জ্যোতি বসু এখানকার মানুষের কত প্রিয় ছিলেন, তা তাঁর মৃত্যুর পর আরও বোঝা গেল। অনেকেই ফোন করে তাঁর মৃত্যুর খবর নিচ্ছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পৈতৃক বাড়িটিতে অনেকেই আসেন।প্রথম আলো বন্ধুসভার সোনারগাঁয়ের সভাপতি শাহেদ কায়েস জানান, জ্যোতি বসুর মৃত্যুতে বন্ধুসভার পক্ষ থেকে তিন দিনের শোক পালন করা হবে। আজ সোমবার বিকেল চারটায় স্থানীয় সুবর্ণগ্রাম ইন্টারন্যাশনাল স্কুলে জ্যোতি বসুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।