জ্যোতির্বিজ্ঞানীদের তাঁতের কাপড় উপহার দিলেন পর্যটনমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান গতকাল শুক্রবার কক্সবাজারে অষ্টম এশিয়া প্রশান্ত মহাসাগরীয় জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেওয়া জ্যোতির্বিজ্ঞানীদেরকে রাখাইনদের তৈরি ঐতিহ্যবাহী তাঁতের কাপড় উপহার দেন।গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পর্যটন মোটেলে প্রীতি-সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জ্যোতির্বিজ্ঞানীদের আন্তর্জাতিক এই মেলা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্স-বাজারের সুনাম ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। এর মধ্য দিয়ে প্রসার ঘটবে পর্যটনশিল্পের। মন্ত্রী আরও বলেন, বিদেশি পর্যটকেরা যাতে সহজে সমুদ্রসৈকত ভ্রমণ করতে পারে, এ জন্য কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক সর্ম্পক অত্যন্ত ভালো। বাংলাদেশ এই সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায়। এই অলিম্পিয়াড সে ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রীতিসভায় অলিম্পিয়াডের সভাপতি মাশহুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন পর্যটনসচিব খোরশেদ আলম চৌধুরী, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মাকসুদুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ আবুল বাসির, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান মিখাইল গাব্রি লভ প্রমুখ। এই অলিম্পিয়াডে চীন, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাজা-খস্তান, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মোট ৫২ জন জ্যোতির্বিজ্ঞানী অংশ নিয়েছেন। মন্ত্রী ফারুক খান প্রতিটি দেশের প্রতি-নিধিদলের প্রধানের হাতে উপহার হিসেবে কক্স-বাজারের রাখাইনদের তৈরি তাঁতের কাপড় তুলে দেন। মাশহুরুল আমিন জানান, ১ ডিসেম্বর সকালে সৈকতের সানী বিচ স্কুলে বিজ্ঞানীদের ১০০ নম্বরের পর্যালোচনা পরীক্ষা নেওয়া হবে। ২ ডিসেম্বর অংশগ্রহণকারীদের কক্সবাজার থেকে গাড়িতে করে বান্দরবানের গোল্ডেন টেম্পল ও ফারুকপাড়া পরিদর্শনে নেওয়া হবে। ৩ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।গত ২৭ নভেম্বর শুরু হয় এই অলিম্পিয়াড। এর মিডিয়া পার্টনার প্রথম আলো ও চ্যানেল আই। সহযোগিতা করছে গাইড ট্যুরস লিমিটেড।