
ঢাকায় যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যায় আট জঙ্গি জড়িত ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ। তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যায় সরাসরি অংশ নেওয়া পাঁচজন এখনো শনাক্ত হয়নি। এ ছাড়া নির্দেশদাতা আনসারুল্লাহ বাংলা টিমের (বর্তমান নাম আনসার আল ইসলাম) অন্যতম শীর্ষ নেতা মেজর (চাকরিচ্যুত) সৈয়দ জিয়াউল হক এবং মূল পরিকল্পনাকারী সেলিমও ধরাছোঁয়ার বাইরে।
আজ ২৫ এপ্রিল এই জোড়া খুনের এক বছর পূর্ণ হচ্ছে। এক বছরে এই মামলার তদন্তে যে অগ্রগতি, তাতে হতাশা প্রকাশ করেছে জুলহাজের পরিবার।
গত বছরের ২৫ এপ্রিল সন্ধ্যায় কলাবাগানের বাসায় ঢুকে দুর্বৃত্তরা জুলহাজ মান্নান (৩৫) ও মাহবুবকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে কলাবাগান থানায় করা মামলা দুটির তদন্ত করছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
জুলহাজ সমকামীদের অধিকারবিষয়ক সাময়িকী রূপবান সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। নাট্যকর্মী মাহবুব পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে ‘শিশু নাট্য প্রশিক্ষক’ হিসেবেও কাজ করতেন। আনসার আল ইসলাম এই দুজনকে হত্যার দায় স্বীকার করে। এই সংগঠনটি নিজেদের আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা বলে দাবি করে।
মামলার তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন মামলার বাদী ও জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান। তিনি প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের এক বছর হলো। অথচ তদন্তের ফলাফল মহাশূন্য। মামলার বিষয়ে পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে না।’
মিনহাজ মান্নান বলেন, তাঁর অসুস্থ মা সখিনা খাতুন এখনো জানেন না জুলহাজ নেই। তিনি বলেন, ‘মায়ের স্মৃতিশক্তি আগে থেকেই একটু কম হলেও মাঝেমধ্যেই জুলহাজের কথা জানতে চান। তখন তাঁকে বলা হয়, সে অফিসে, আসবে।’
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, তদন্তে বেরিয়ে এসেছে চাকরিচ্যুত মেজর জিয়ার নির্দেশে, সেলিমের পরিকল্পনা ও তত্ত্বাবধানে আনসারুল্লাহ এই জোড়া খুনের ঘটনা ঘটিয়েছে। খুনিদের ফেলে যাওয়া মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে তখন পুলিশ জঙ্গি রাশেদ উদ্দিন ভূঁঞা ওরফে রায়হান নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি জিজ্ঞাসাবাদে ও পরে আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া পাঁচজনকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন। তাঁদের নামও বলেছেন। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ওই পাঁচজনকে চিহ্নিত করা হয়। রায়হান হত্যাকাণ্ডে সরাসরি জড়িত নন। তিনি কারাগারে আছেন।
জুলহাজ ও মাহবুবকে হত্যার পর পালানোর সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা বাড়ির নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লাকেও কোপায়। রাস্তায় পালানোর সময় এক দুর্বৃত্তকে জাপটে ধরেন পুলিশের এএসআই মমতাজউদ্দিন। তাঁকেও কুপিয়ে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। তবে এএসআই মমতাজ ওই দুর্বৃত্তদের একজনের কাছ থেকে একটি ব্যাগ রেখে দিতে সক্ষম হন। ওই ব্যাগে একটি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও মুঠোফোন পাওয়া যায়।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. রাজীব আল মাসুদ গত শনিবার প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া পাঁচজনের সাংগঠনিক নাম পাওয়া গেছে। তবে তাদের এখনো শনাক্ত করা যায়নি। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সেলিম গ্রেপ্তার হলে এই মামলার তদন্তে অগ্রগতি হবে বলে তাঁরা আশা করছেন।
ডিএমপি গত বছরের ১৭ আগস্ট আনসারুল্লাহর শীর্ষস্থানীয় নেতা সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২ কে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। এর আগে পুলিশ সদর দপ্তর চাকরিচ্যুত মেজর জিয়াকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই এই মামলার তদন্তে সহযোগিতার আগ্রহ দেখিয়েছিল এবং নিহত দুজনের ডিএনএ নমুনা তাদের পরীক্ষাগারে পরীক্ষা করাতে চেয়েছিল। তদন্ত সংস্থা এফবিআইকে জানিয়েছিল, নমুনা ইতিমধ্যে ঢাকায় সিআইডির ডিএনএ পরীক্ষাগারে পাঠানো হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও তদন্ত নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছিলেন।
মামলার আরেক তদন্ত তদারক কর্মকর্তা ডিবির ভারপ্রাপ্ত উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, তদন্তে প্রয়োজনে এফবিআইয়ের সহযোগিতা নেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে।