
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমউদ্দিন সামাদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রশিদুন নবী ভূঁইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
পুলিশের দাবি, রশিদুন নবী জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। গত রোববার রাতে রাজধানীর সায়েদাবাদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর পরিবারের সদস্যরা বলছেন, প্রায় পাঁচ মাস আগে কুমিল্লার নাঙ্গলকোটের বেতাগাঁওয়ের নিজ বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে পরিবার থানায় গেলেও জিডি নেওয়া হয়নি।
গতকাল সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে রশিদুন নবীকে গ্রেপ্তারের বিষয়ে জানান পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদুন নবী জানিয়েছেন, নাজিমউদ্দিনকে হত্যায় পাঁচজন অংশ নেয়। তাদের সবার কাছে চাপাতি ছিল। একজনের কাছে একটি আগ্নেয়াস্ত্রও ছিল। তিনিসহ দুজন চাপাতি দিয়ে নাজিমউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।
গত ৬ এপ্রিল রাতে পুরান ঢাকার সূত্রাপুরের ঋষিকেশ দাশ রোডের একরামপুর মোড়ে নাজিমউদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সন্ধ্যাকালীন স্নাতকোত্তর শ্রেণির ছাত্র এবং সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন। ওই হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ বলছিল, জঙ্গি সংগঠনের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে রোববার রাত সাড়ে ১১টার দিকে রশিদুন নবীকে গ্রেপ্তার করা হয়। কাউন্টার টেররিজম ইউনিট ও মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ২০১৫ সালে তিনি আনসার আল ইসলামে যুক্ত হন। এরপর থেকে তিনি ঢাকা অঞ্চলের অনেক সদস্যকে ‘দাওয়াতে’র মাধ্যমে সংগঠনে অন্তর্ভুক্ত করেন। ‘দাওয়াতি’ কাজের পাশাপাশি তিনি অপারেশন শাখার দায়িত্বও পালন করতেন।
পুলিশ সূত্র বলেছে, এর আগে সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
নাজিমউদ্দিন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গতকাল রশিদুন নবীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাঁচ মাস ধরে নিখোঁজ: রশিদুন নবীর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেতাগাঁওয়ে। এলাকায় তিনি টিপু নামে পরিচিত। গতকাল বেতাগাঁওয়ে গেলে তাঁর প্রতিবেশী ও স্থানীয় লোকজন বলেন, রশিদুন নবীর বাবা আবদুল বারী ভূঁইয়া নাঙ্গলকোট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর পরিবারের আরও কয়েকজন আওয়ামী লীগের রাজনীতি করেন। আবদুল বারীর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে রশিদুন নবী দ্বিতীয়, বয়স প্রায় ৩০ বছর। চট্টগ্রামের একটি বিদ্যালয় থেকে এসএসসি, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) পাসের পর চট্টগ্রাম কলেজে ইংরেজিতে স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন। একপর্যায়ে পড়াশোনা ছেড়ে সিমেন্ট কারখানায় চাকরি নেন। ২০১০ সালের ১১ জুলাই ময়মনসিংহের তৃপ্তি শর্মাকে ধর্মান্তরিত করে বিয়ে করেন। তাঁর স্ত্রীর বর্তমান নাম তাহেরা তাসনিম। তাঁদের পাঁচ, তিন ও এক বছরের তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর তাঁরা কিছুদিন চট্টগ্রাম ও ফেনীতে ছিলেন। গত বছরের ২৭ ডিসেম্বর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বাড়িতে যান রশিদুন নবী। তাঁর বাবা তাঁদের প্রত্যাখ্যান করলে এক ফুফুর বাড়িতে আশ্রয় নেন। গত মার্চে পরিবার বিয়ে মেনে নিলে তাঁরা নিজ বাড়িতে ওঠেন।
রশিদুন নবীর স্ত্রী বলেন, ‘বিয়ের পর টিউশনি করত রশিদুন। একপর্যায়ে সংসারের খরচ জোগাতে না পেরে নাঙ্গলকোটে চলে আসি। আমাকে প্রায়ই নামাজ পড়ার জন্য বলত। তবে কখনো কোনো ধরনের গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ ছিল না। যেখানে সংসার খরচ জোগাতে হিমশিম খেত, সেখানে অন্য কিছু করার কোনো সুযোগ থাকে না।’
রশিদুন নবীর বাবা আবদুল বারী বলেন, ‘আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। যদি সে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকে, তবে তার শাস্তি হোক। কিন্তু গত পাঁচ মাস ওকে খুঁজে না পেয়ে পরিবারের যে কী দিন গেছে, তা কেবল আমরাই জানি।’
রশিদুন নবীর চাচা নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক (সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি) ও নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া বলেন, ‘ছোটবেলা থেকেই ধর্মভীরু ছিল রশিদুন নবী। জগন্নাথের ছাত্র (নাজিমউদ্দিন) হত্যার সময়ও সে (রশিদুন নবী) বাড়িতেই ছিল। গত ১৯ মে রাতে তাকে তুলে নেওয়া হয়। এরপর থানায় গেলে পুলিশ জিডি নেয়নি। পরে আমরা তার সন্ধান চেয়ে গণমাধ্যমের দ্বারস্থ হই, বিভিন্ন পত্রিকায় এ খবরও ছাপা হয়। এরপর আজ (সোমবার) টিভিতে দেখলাম তাকে, আসামির বেশে।’
জিডি না নেওয়ার বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ‘কেন জিডি নেওয়া হয়নি, তা আমি বলতে পারব না। আমি এখানে যোগদানের আগে থেকেই রশিদুন নবী নিখোঁজ ছিলেন।’
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক মোজাম্মেল হোসেন বলেন, ‘নাঙ্গলকোটে জঙ্গির তালিকায় রশিদুন নবীসহ দুজনের নাম রয়েছে। তালিকা প্রকাশের পর দীর্ঘদিন ধরে তাঁকে খোঁজা হচ্ছে।’
পাঁচ মাস আগে রশিদুন নবীকে ধরে আনার অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, এ অভিযোগ সত্যি নয়। বিভিন্ন সময় দেখা গেছে, অপরাধীরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকে, তখন তাদের পরিবার এসব কথা বলে। এ ক্ষেত্রেও এ রকম হতে পারে। পুলিশ কাউকে ধরলে আইনি বাধ্যবাধকতার মধ্যে যথাসময়ে আদালতে হাজির করে থাকে।