জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবিতে শিক্ষকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। শিক্ষক সমিতির সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি পালন করছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতি সূত্র জানায়, সহযোগী অধ্যাপকের সমান বেতন স্কেলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। দাবি আদায়ে বিভিন্ন সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেন এবং উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। এর ধারাবাহিকতায় এখনো তাঁরা কর্মবিরতি পালন করছেন।
৬ মার্চ শিক্ষক সমিতির সাধারণ সভায় উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনার তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়। সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকেরা গত রোববার ও সোমবার এক ও দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচি চলাকালে ক্লাস না নিলেও পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষকেরা দাবি আদায়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৬ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি আদায় না হলে ২৭ মার্চ থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এমতাজ হোসেন বলেন, ‘কর্মকর্তারা দাবি আদায়ের জন্য আন্দোলনের নামে যা করছেন, তা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর। এসবের তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে দিয়েছি।